‘তিলোত্তমা’-র দেহের দ্বিতীয়বার ময়নাতদন্ত করতে চেয়েছিলেন নির্যাতিতার বাবা,- দাবি করলেন শুভেন্দু

আরজি কর হাসপাতালে ঘটে যাওয়া চাঞ্চল্যকর ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। নিহত তরুণী চিকিৎসকের বাবা দ্বিতীয় ময়নাতদন্তের দাবি তুলেছেন। শ্যামবাজারে বিজেপির একটি জনসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই তথ্য জানিয়েছেন।

নিহত চিকিৎসকের বাবা দাবি করেছেন যে, তিনি তার মেয়ের দেহের দ্বিতীয় ময়নাতদন্ত করাতে চেয়েছিলেন। কিন্তু বিভিন্ন চাপের কারণে তিনি তা করতে পারেননি। শুভেন্দু অধিকারী এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন। তিনি দাবি করেছেন যে, রাজ্য সরকার এই মামলাটি গোপন করার চেষ্টা করছে এবং সত্য লুকাতে চাইছে।

উল্লেখ্য, গত ৯ অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজ থেকে এক তরুণী চিকিৎসকদের দেহ উদ্ধারের ঘটনায় শোরগোল পড়ে যায়। ময়নাতদন্তের রিপোর্টে ‘যৌন হেনস্থা’-র কথা উল্লেখ করা হয়েছে। শরীরে বেশ কিছু অংশে রক্ত জমাট বেঁধে থাকার প্রমাণও পাওয়া গিয়েছে। পাশাপাশি নির্যাতিতার গাল, ঠোঁট, নাক, ডান চোয়াল, চিবুক, গলা, বাঁ হাত, বাঁ কাঁধ, বাঁ হাঁটু, গোড়ালি এবং যৌনাঙ্গে ক্ষতচিহ্নও ছিল বলে উল্লেখ রয়েছে ময়নাতদন্তের রিপোর্টে।