বিশেষ: রাস্তায় খাবার বিক্রি করেন পিএইচডি গবেষক, নেপথ্যে রয়েছে অসাধারণ এক গল্প

রাস্তায় খাবার বিক্রি করেন এক পিএইচডি গবেষক! তা দিয়েই চালাচ্ছেন পড়ার খরচ। অবাক করার মতো খবরটি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি করেছে।
সম্প্রতি ভারতের তামিল নাডুর একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়, বিদেশি ইউটিউবার ক্রিস লুইস গুগল ম্যাপ দেখে খাবার খেতে যান রাস্তার পাশের এক দোকানে। সেখান থেকে চিকেন অর্ডার করেন তিনি।
এরপর কথায় কথায় দোকানদার জানান, ছোট্ট এই ব্যবসাটি চালানোর পাশাপাশি পড়াশোনা করছেন তিনি। তাও আবার সাধারণ কোনো বিষয়ে নয়। তিনি পিএইচডি করছেন বায়োটেকনোলজিতে।
পিএইচডি গবেষকের নাম দারুল রাইয়ান। এই দোকানদার ক্রিসকে বলেন তার নাম গুগলে সার্চ করে দেখতে, তাহলেও দেখতে পাবেন তার সব রিসার্চ আর্টিকেল। এই কথা শুনে বিদেশি ইউটিউবার বেশ অবাকই হন।
উল্লেখ্য, দারুল বর্তমানে ‘এসআরএম ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ নামে ভারতের একটি বেসরকারি ইউনিভার্সিটি থেকে পিএইচডি করছেন। আর দোকানটি তিনি ১৬ বছর বয়সে খুলেছিলেন। যা এখনও পার্ট টাইম হিসেবে চালিয়ে পড়াশোনার খরচ চালাচ্ছেন।
এই ঘটনার পর থেকে ভারতে জোর আলোচনা শুরু হয়েছে। অনেকেই পিএইচডি গবেষকের পড়াশোনার সকল খরচ বহন করতে চাচ্ছেন। আবার অনেকেই দেশের শিক্ষা ব্যবস্থাকে দোষ দিচ্ছেন। যেই শিক্ষা ব্যবস্থায় পিএইচডি গবেষকেও পেট চালানোর জন্য রাস্তার পাশে খাবার বিক্রি করতে হয় সেটার ব্যাপারেও নিন্দা প্রকাশ করেছেন তারা।