“তোমার ডিপি সাদা না কালো?”- RG Kar কাণ্ডে প্রতিবাদের ‘সমালোচনায়’ সরব সুদীপ্তা

আরজি কর হাসপাতালের ঘটনা ঘিরে সোশ্যাল মিডিয়ায় যেভাবে নানা ধরনের আলোচনা হচ্ছে, তাতে অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী ক্ষুব্ধ। তিনি মনে করেন, এই ঘটনাকে কেন্দ্র করে অনেকেই প্রকৃত সমস্যা থেকে সরে গিয়ে ব্যক্তিগত আক্রমণে মেতে উঠছেন।
সুদীপ্তা লিখেছেন, “আমরা তিলোত্তমার জন্য ন্যায় চাইতে চাইতেই ব্যস্ত হয়ে পড়েছি কার কী লিখল, কার কী পোস্ট করল, তা নিয়ে আলোচনা করতে।” তিনি আরও প্রশ্ন তুলেছেন, “তোমার ডিপি সাদা না কালো? তুমি রাজনৈতিক না অরাজনৈতিক? তোমার হাতে মোমবাতি না পতাকা?” এইসব প্রশ্নের মাধ্যমে তিনি ইঙ্গিত করেছেন যে, এই ধরনের আলোচনা প্রকৃত সমস্যা থেকে আমাদের দৃষ্টি সরিয়ে দিচ্ছে।
সুদীপ্তা আরও বলেন, আমরা অনেকেই শুধুমাত্র নিজেদের মতামত জানাতে ব্যস্ত থাকি, কিন্তু প্রকৃত সমাধানের দিকে কাজ করি না।
সুদীপা চক্রবর্তী বলেন, ‘তোমার মিছিলে পুরুষ বেশি কথা বললো না মহিলা? তুমি মুখ্যমন্ত্রী র পদত্যাগ চাও কি চাও না? তুমি কোন দলের- লাল, গেরুয়া না সবুজ? আর এসবের মাঝে আমরা ক্রমশ ভুলে গেলাম যেগুলো আসলে জানবার- সিবিআই কতদূর এগলো? ১০ দিন পর কোথায় দাঁড়িয়ে আছে তদন্ত? সব চুপচাপ কেন? ‘সেটিং’ হয়ে গেল কি? জাস্টিস কে দেবে? সরকার না সিবিআই? রাজ্যের মহিলা কমিশন এই তদন্ত চাইবার ক্ষেত্রে বিশেষ কোনো ভুমিকা পালন করবে কি করবে না? পশ্চিমবাংলা থেকে নির্বাচিত বিভিন্ন রাজনৈতিক দলের সমস্ত MP একজোট হয়ে পার্লামেণ্টে SCAW (Serious Crime Against Women) Unit বানানোর জন্য বিল আনতে উদ্যোগী হবেন কি হবেন না?’
তিনি এই ঘটনার পর উঠে আসা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছেন। যেমন ‘সরকারি-বেসরকারি-ছোট-বড় সবরকম কর্মক্ষেত্রে বিশাখা গাইডলাইন মেনে চলা হচ্ছে কি না তা দেখা সরকার বাধ্যতামূলক করবেন কি করবেন না? বাড়ি থেকে প্রথম দিন কাজে বেরোবার আগেই প্রত্যেক মহিলা বিশাখা গাইডলাইন সম্পর্কে জেনে বেরোবার ব্যাপারে কী বন্দোবস্ত করা যায়? খেলার মাঠের বাইরে দাঁড়িয়ে যাঁরা ইতিহাস গড়লেন, এর পরের খেলায় আবার তাঁরা যুযুধান পক্ষ হয়ে গ্যালারি থেকে একে অপরকে “তোর মা কে…..” “তোর বোন কে….” বলবেন কি বলবেন না? এগুলোই আসল প্রশ্ন।’
সুদীপ্তার মতে, আমাদের এইসব প্রশ্নের উত্তর খুঁজতে হবে। কারণ, একজন মহিলার প্রাণ যাওয়ার পর শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় আলোচনা করে কিছু হবে না।