OMG! শার্টের কাপড়ে বানানো হয়েছে প্যান্ট, প্যান্টে শার্ট? নদিয়ার সরকারি স্কুলে পোশাক বিভ্রান্তি

নদিয়া জেলার করিমপুর সেনপাড়া রাধারানি উচ্চ বিদ্যালয়ে পঞ্চম থেকে অষ্টম শ্রেণির ছাত্রীদের জন্য দেওয়া স্কুল ইউনিফর্ম নিয়ে বিশৃঙ্খলা চরমে উঠেছে। স্কুল কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, পঞ্চম শ্রেণির মেয়েদের জন্য সাদা জামা আর নীল রঙের গাউন এবং ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির মেয়েদের জন্য সালোয়ার বা চুরিদার দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, অনেক ছাত্রীই উল্টো পোশাক পেয়েছে। সালোয়ারের কাপড়ে কামিজ আর কামিজের কাপড়ে সালোয়ার তৈরি হয়েছে।
এছাড়াও, ছেলেদের জামা-প্যান্ট নিয়েও বিভ্রাট রয়েছে। কাপড়ের মানও খুব খারাপ। ফলে, বেশিরভাগ ছাত্র-ছাত্রী সরকারি দেওয়া ইউনিফর্ম ব্যবহার না করে বাজার থেকে কিনে তা ব্যবহার করছে। অনেকে আবার স্কুলের ইউনিফর্ম ব্যবহার না করে অন্য রঙের জামা কাপড় পরেই স্কুলে আসছে।
স্কুলের শিক্ষিকা টুয়া মণ্ডল এই সমস্যাটি স্বীকার করেছেন এবং জানিয়েছেন যে এটি প্রথমবার নয়। এর আগেও একই সমস্যা হয়েছিল। তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন কিন্তু কোনো সমাধান হয়নি।
এই পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীরা এবং তাদের অভিভাবকরা ক্ষুব্ধ। একজন অভিভাবক সঞ্জীব বিশ্বাস বলেন, সরকার যখন পয়সা খরচ করে স্কুল ইউনিফর্ম দিচ্ছে, সেগুলো ছাত্র-ছাত্রীরা ব্যবহার করতে না পারলে তাহলে সেগুলো দিয়ে কী লাভ?
করিমপুর এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবদত্ত চক্রবর্তী বিষয়টি সম্পর্কে অজ্ঞ বলে জানিয়েছেন। তিনি খোঁজখবর নিয়ে দেখার কথা বলেছেন।