“দুর্গাপুজোয় বাংলাদেশে ৩ দিন ছুটির প্রস্তাব”-উপদেষ্টাকে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে সরালেন ইউনুস

অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের পেছনে কয়েকটি কারণ রয়েছে।
দুর্গাপূজার সময় তিন দিনের ছুটির প্রস্তাব এবং আওয়ামী লীগ সমর্থন করে এমন মন্তব্যের কারণে তিনি অনেকের সমালোচনার মুখে পড়েন। বিশেষ করে, তাঁর আওয়ামী লীগ সমর্থনকারী মন্তব্যগুলি বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মীদের ক্ষোভের কারণ হয়ে দাঁড়ায়।
মাত্র নয় দিন আগে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে এত দ্রুত এত বড় পরিবর্তন সবার জন্য অবাক করা। রিপোর্ট অনুযায়ী, সাখাওয়াতের ‘আওয়ামী লীগপন্থী’ মন্তব্যগুলিই এই বদলির মূল কারণ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে তাঁকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা করা হয়েছে।
সরকারের অন্যান্য পরিবর্তনের মধ্যে রয়েছে ওয়াহিদউদ্দিন মাহমুদকে পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয় এবং আলি ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত করা। মহম্মদ ফাওজুল কবির খানকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাশাপাশি সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।