“ভাবনায় ভুল ছিল…”, RG Kar তাণ্ডব নিয়ন্ত্রণে ব্যাখ্যা দিলেন পুলিশ কমিশনার

মহিলা চিকিৎসক হত্যাকাণ্ডের জেরে উত্তাল কলকাতা। আরজি কর চত্বরে মহিলাদের ‘রাত দখল’ কর্মসূচির সময় হামলা ও ভাঙচুরের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলে, কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল শুক্রবার সাংবাদিক বৈঠকে পরিস্থিতি স্পষ্ট করেছেন।

সাংবাদিক বৈঠকে পুলিশের বক্তব্য , ‘মৃতার পরিবারকে পুলিশ ফোন করেনি। আত্মহত্যার কথাও পুলিশ বলেনি। এটা নিয়ে অযথা গুজব ছড়ানো হচ্ছে।’

সিপি বলেন, ‘কোনও স্বতঃস্ফূর্ত ভাবে কোনও জমায়েত হলে, তা নিয়ন্ত্রণ করা তুলনামূলক কঠিন হয়। কারণ, সেখানে কোনও নেতা থাকে না। নেতা থাকলে তাঁদের বর্ণনা অনুযায়ী পুলিশ মোতায়েন করা যেত। সারা শহর জুড়ে সে দিন নানা রকম জমায়েত হয়েছিল।’

পুলিশ এদিন মেনে নেয়, ‘আরজি করের সামনে আন্দোলন যে আচমকা হিংসাত্মক হয়ে উঠবে, ভাবতে পারিনি। আমাদের ভাবনায় ভুল ছিল।’

কমিশনার বলেন, ‘নানা ধরনের গুজব ছড়াচ্ছে। নানা ভাবে সেগুলির বিশ্লেষণ করা হচ্ছে। কেউ বলছেন গণধর্ষণ হয়েছে। কেউ বলছেন, ১৫০ গ্রাম বীর্য পাওয়া গিয়েছে। এগুলির কোনও ভিত্তি নেই। কোথা থেকে এল এই তথ্য?’

তিনি বলেন, ‘এই ঘটনার তদন্ত করছে সিবিআই। আমাদের উপর আপনাদের ভরসা নেই। অন্তত ওঁদের উপর ভরসা রাখুন। তথ্যপ্রমাণ-সহ ওরা নিশ্চিয়ই সুরাহা করবে।’