বাংলাদেশে পরিবর্তনের হাওয়া! এবার বদল আসছে ব়্যাবের পোশাকেও

বাংলাদেশ পুলিশের পর, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর ইউনিফর্মও নতুন করে সাজানো হচ্ছে। এর আগে পুলিশের লোগো ও পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেনের নির্দেশে এই পরিবর্তন আনা হচ্ছে।
‘কালের কন্ঠ’ পত্রিকার প্রতিবেদন অনুসারে, এই বাহিনীর নতুন পোশাকের রং, নকশাসহ সার্বিক বিষয় চূড়ান্ত করতে কাজ শুরু করেছেন আধিকারিকরা।
র্যাবের ডিজি এ কে এম শহিদুর রহমান বলেন, ‘পোশাক পরিবর্তনের ব্যাপারে অনেক কিছু পর্যালোচনা করতে হবে। তাই এই কাজ করতে যতদিন লাগবে ততদিনই সময় নেব আমরা।’
স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিকদের মতে, বৃহস্পতিবার বিকালে এই নিয়ে আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রকের উপদেষ্টা। সেখানেই র্যাবের নতুন পোশাকের রং এবং নকশা নিয়ে পরামর্শ দেন আধিকারকরা। কিন্তু এই বিষয়ে এই বাহিনীর নিজেদের বক্তব্যই প্রাধান্য পাবে বলে জানা গিয়েছে।