আরজি করে ‘সেমিনার হল’ কী অক্ষত? চিন্তায় সিবিআই, জবাব দিলো কলকাতা পুলিশ

আরজি কর হাসপাতালে মধ্যরাতে হামলা চালানো হয়েছে। একদল বহিরাগত হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে ভাঙচুর চালিয়ে কোটি টাকার সম্পত্তি নষ্ট করেছে। পুলিশের তরফে জানানো হয়েছে যে, এই ঘটনায় জড়িতদের খুঁজে বের করে গ্রেপ্তার করা হবে।”
হাসপাতাল সূত্রে খবর, আক্রমণে তছনছ হয়ে গিয়েছে হাসপাতালের জরুরি বিভাগের টিকিট কাউন্টার, এইচসিসিইউ (হাইব্রিড ক্রিটিক্যাল কেয়ার ইউনিট), সিসিইউ (ক্রিটিক্যাল কেয়ার ইউনিট), ওষুধের স্টোররুমও।
জরুরি বিভাগের দুটো কোলাপসিবল গেট উপড়ে নেওয়া হয়েছে। জরুরি বিভাগের ক্রিটিকাল কেয়ার ইউনিটে, অবজার্ভেশন ওয়ার্ড, ফার্মেসি ক্ষতিগ্রস্ত হয়েছে। নষ্ট হয়েছে কোটি টাকার যন্ত্রপাতি, ওষুধপত্র। আরজি করের পুলিশ ফাঁড়িতেও ভাঙচুর চালানো হয়।
সূত্রের খবর, সিবিআইয়ের তরফে কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকদের ফোন করে জানতে চাওয়া হয় ক্রাইম সিন অর্থাৎ ‘প্লেস অফ অকারেন্স’-এ কেউ প্রবেশ করতে পেরেছিল কিনা?
কলকাতা পুলিশ সিবিআইকে জানিয়েছে, ক্রাইম সিন অর্থাৎ প্লেস অফ অকারেন্সে কেউ প্রবেশ করতে পারেননি।
কলকাতা পুলিশের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘অপরাধ মূলত সেমিনার রুমে হয়েছিল। কিন্তু সেই সেমিনার রুমকে ছোঁয়া পর্যন্ত হয়নি। যাচাই না করে খবর ছড়াবেন না। আমরা গুজব ছড়ানোর জন্য আইনি পদক্ষেপ করছি।’