স্বাস্থ্য ও জীবন বিমায় কমবে প্রিমিয়াম? সেপ্টেম্বরেই হবে GST কাউন্সিলের বৈঠক

আগামী মাস থেকে স্বাস্থ্য ও জীবন বিমা আরও সস্তা হতে পারে। সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে চলা জিএসটি কাউন্সিলের বৈঠকে এই দুই ধরনের বিমার উপর জিএসটি হার কমানোর সম্ভাবনা রয়েছে। সূত্র মতে, কেন্দ্র সরকার জনসাধারণের মধ্যে স্বাস্থ্য ও জীবন বিমার আওতা বাড়াতে চায় এবং এই লক্ষ্যে জিএসটি হ্রাস করার বিষয়টি বিবেচনা করছে।
বিশেষজ্ঞরা মনে করেন, স্বাস্থ্য ও জীবন বিমার উপর জিএসটি হার কমানোর বিষয়ে সমস্ত রাজ্য সরকারের সম্মতি পাওয়া সম্ভব। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও কর হার কমানোর ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি মনে করেন, কর হার কমিয়ে জনসাধারণের উপর চাপ কমানো সম্ভব।
উল্লেখ্য, বর্তমানে স্বাস্থ্য ও জীবন বিমার উপর ১৮% জিএসটি প্রযোজ্য। এই হার কমলে বিমার প্রিমিয়ামও কমবে এবং আরও বেশি মানুষ বিমা কিনতে উৎসাহিত হবে।
মঙ্গলবার, ১৩ অগস্ট ভোপালের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। সেখানে নির্মলা বলেন, ‘পারলে কর শূন্য করে দিতাম। অর্থমন্ত্রী হিসেবে সরকারের আয় বৃদ্ধি করাই আমার কাজ। আম জনতাকে সমস্যায় ফেলা নয়।’