“না জানিয়েই বাদ…!”-তারক মেহতার নিয়ে গুরুতর অভিযোগ করলেন গুরুচরণ

“তারক মেহতা কা উল্টা চশমা” ধারাবাহিকের জনপ্রিয় চরিত্র মিস্টার সোধির ভূমিকায় অভিনয় করেছিলেন গুরুচরণ সিং। শুরু থেকেই এই ধারাবাহিকের একটি অবিচ্ছেদ্য অংশ ছিলেন তিনি। কিন্তু ২০১২ সালে, নির্মাতারা তাঁকে কোনো পূর্ব সূচনা ছাড়াই হঠাৎ করেই শো থেকে বাদ দিয়ে দেন।

নিজের একটি সাক্ষাৎকারে গুরুচরণ সিং এই ঘটনার কথা উল্লেখ করেছিলেন। তিনি জানিয়েছিলেন যে, তিনি টেলিভিশনে শোটি দেখার সময়ই জানতে পারেন যে তাঁর চরিত্রে অন্য কেউ অভিনয় করছে।

তিনি বলেছিলেন, ‘তারক মেহতা কা উল্টা চশমা’-র পুরো টিমকে নিজের পরিবার হিসাবে ভেবেছিলেন। তিনি বলেন, ‘ওই সময় চুক্তি নিয়েও বেশকিছু কথাবার্তাও হয়েছিল। এমনকী, তারা আমাকে জানাননি যে আমাকে বদলি করা হয়েছে কিনা। আমি দিল্লিতে ছিলাম সেই সময় এবং আমি আমার পরিবারের সদস্যদের সঙ্গে বসেছিলাম। আমরা ‘তারক মেহতা কা উল্টা চশমা’ই দেখছিলাম। এবং সেই এপিসোডে ধরম পাজি (ধর্মেন্দ্র) কোনও ছবির প্রচার বা অন্য কিছুর জন্য ক্যামিও করেছিলেন। আমি দেখেই বললাম ‘বাহ, ধরম পাজি এসেছে’। এবং এই এপিসোডে, তারা নতুন সোধির পরিচয় দিল। আমি এটা দেখে অবাক হয়ে গেলাম। আমি আমার বাবা-মায়ের সঙ্গে এটি দেখেছিলাম এবং তারা খুব অবাক হয়েছিল।

গুরুচরণ সিং আরও বলেন, ‘আমার জায়গা নেওয়ার পর তিনি অনেকটা চাপের মধ্যে ছিল। এমনকী, আমি দর্শকদের কাছ থেকে অনেক চাপ পেয়েছি। আমি যখন জিমে যেতাম তখন লোকে বলত ‘তুমি চলে গেলে কেন?’

পরে যদিও, তাঁকে বাদ দেওয়ার এক বছর পর, গুরুচরণ সিং ‘তারক মেহতা কা উল্টা চশমা’-য় ফিরে আসেন। এরপরে তিনি ২০২০ সাল পর্যন্ত এই ধারাবাহিকে অংশ নিয়েছিলেন এবং তারপরে নিজে থেকেই ছেড়ে দেন।