
আরজি কর মহিলা চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে সারা রাজ্যের আবাসিক চিকিৎসকদের ধর্মঘটে দ্বিমত দেখা দিয়েছে। দুটি প্রধান চিকিৎসক সংগঠন, ফোর্ডা (FORDA) এবং ফাইমা (FAIMA), এই ধর্মঘট নিয়ে ভিন্ন মত পোষণ করছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সাথে বৈঠকের পর ফোর্ডা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। সংগঠনটি জানিয়েছে, মন্ত্রী তাদের সমস্ত দাবি মেনে নিয়েছেন এবং শীঘ্রই এই সংক্রান্ত আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হবে। অন্যদিকে, ফাইমা ধর্মঘট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে, আজ কন্যাশ্রী দিবসে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, “চিকিৎসকরা আন্দোলনে নেমেছেন, আর মুখ্যমন্ত্রী কন্যাশ্রী উৎসব পালন করছেন। এটা কতটা যুক্তিযুক্ত?”
এদিন শুভেন্দু মমতাকে নিশানা করে বলেন, “চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্তরা প্রতীকী আন্দোলনে গেছেন। আজ বেসরকারি হাসপাতালের ডাক্তাররাও আউটডোর করছেন না। আজ সমস্ত চিকিৎসামন্ডলী এক সূত্রে গেঁথেছেন। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও লাজ-লজ্জা নেই? আজ কন্যশ্রী দিবসে আজ তিনি ৩,০০০ জনের উৎসব করছেন ধনধান্যে স্টেডিয়ামে। আজ তিনি এই উৎসব বন্ধ করতে পারতেন। আজ ৩,০০০ প্যাকেট বিরিয়ানি খাওয়ানো হবে মেনু ঠিক করেছেন মুখ্যমন্ত্রী, চিকেন বিরিয়ানি। ভাবুন কোন রাজ্যে আমরা বসবাস করছি। একদিকে মানুষ কাঁদছে। আমি কয়েক জন বিশিষ্ট মানুষের পোস্ট দেখছিলাম, সকলেই এর বিরোধিতা করছে।”
রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে আউটডোর সেবা বন্ধ থাকায় সাধারণ মানুষের চিকিৎসা পাওয়ায় বিঘ্ন ঘটছে।”