“তরুণী চিকিৎসক চিৎকার করে….? হত্যার কারণ জানাল RG Kar কাণ্ডের অভিযুক্ত সঞ্জয়!

শুক্রবার ভোরে আরজি কর হাসপাতালে সংঘটিত এক তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যাকাণ্ডে গ্রেফতার হওয়া সিভিক ভলেন্টিয়ার নিজের অপরাধ স্বীকার করেছে। তবে জেরার সময় তার মুখে কোনো অনুতাপের ছাপ দেখা যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের দাবি, চিকিৎসক চিৎকার করে লোক ডাকতে চাইলে সে তাকে হত্যা করে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, অভিযুক্ত রাত তিনটার দিকে মদ্যপ অবস্থায় চিকিৎসকের ঘরে প্রবেশ করে এবং প্রায় ৪৫ মিনিট পর বেরিয়ে আসে।

এই ঘটনায় আরও চারজন চিকিৎসককে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হয়েছে। ঘটনার রাতে তারা মৃত চিকিৎসকের সঙ্গে রাতের খাবার খেয়েছিল। পুলিশ তাদের কাছ থেকে ঘটনার বিস্তারিত জানতে চায়।

অপরদিকে,আর জি কর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ পদত্যাগ করেছেন। এই ঘটনার জেরে আজ সোমবার থেকে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতির ডাক দিয়েছেন। ‘ফেডারেশন অফ অল ইন্ডিয়া রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন’ নামে জুনিয়র ডাক্তারদের সংগঠন এই ধর্মঘটের ঘোষণা করেছে। রাজ্যের সব সরকারি হাসপাতালের জুনিয়র ডাক্তাররা এই ধর্মঘটে যোগ দিচ্ছেন।

অধ্যক্ষের বিদায় বক্তব্য:

পদত্যাগের সময় সন্দীপ ঘোষ জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও মানহানি করা হচ্ছে। তিনি আরও বলেন, মৃত ডাক্তার তার মেয়ের মতো ছিলেন এবং একজন অভিভাবক হিসেবে তিনি এই ঘটনায় দায়িত্ব নিয়ে পদত্যাগ করছেন। তিনি চান না ভবিষ্যতে কারও সাথে এই ধরনের ঘটনা ঘটুক।