পদত্যাগ আর জি কর-এর অধ্যক্ষের, এখনও চলছে জুনিয়ার ডাক্তারদের স্ট্রাইক

RG kar মেডিক্যাল কলেজ হাসপাতালে যুবতী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের চাপের মুখে হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ পদত্যাগ করেছেন। শুক্রবার থেকে চলা এই আন্দোলনে একাধিক আধিকারিকের পদত্যাগের দাবি জানানো হয়েছিল। সন্দীপ ঘোষের নাম এই দাবিতে প্রথমে উঠে আসে।

সোমবার সকালে তিনি পদত্যাগের ঘোষণা করলেও, লিখিত পদত্যাগপত্র জমা না দেওয়ায় জুনিয়র ডাক্তাররা অসন্তুষ্ট। তবে ঘোষ দাবি করেন, তিনি স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছেন এবং এই ঘটনার নৈতিক দায় স্বীকার করেছেন।

সোশ্যাল মিডিয়ায় তার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে, তা তার মুখে বসানো বলে তিনি দাবি করেন। তিনি জানান, তাকে বদলি নিয়ে কোনো নোটিস দেওয়া হয়নি।

সন্দীপের দাবি, তিনি তদন্তে সাহায্য করেছেন। সেজন্য একজনকে শীঘ্রই গ্রেফতার করা সম্ভব হয়েছে। তিনি বলেন,’ঘটনার পর ফরেনসিক বিশেষজ্ঞরা পৌঁছে যান ঘটনার ২ ঘণ্টার মধ্যে। পুলিশ আসে। সেরকম হলে আমার হাসপাতালের সিসিটিভি ফুটেজ ১ ঘণ্টার মধ্যে আমি পুলিশকে হ্যান্ডওভার করতাম না। সেজন্য এক্ষেত্রে অভিযুক্তকে ধরতে পুলিশের এক ঘণ্টার বেশি সময় লাগেনি।’