“ভারতেও বাংলাদেশের মতো হবে… রটাচ্ছে কেউ কেউ”-দেশবাসীকে সাবধান করলেন ধনখড়

উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় সতর্ক করে দিয়েছেন যে, কিছু ব্যক্তি ভারতকে বাংলাদেশের সঙ্গে তুলনা করে ভুল বার্তা ছড়াচ্ছেন। তিনি বলেন, “এই দেশের একজন নাগরিক, যিনি কিনা সংসদ সদস্যও এবং অন্য একজন, যিনি ফরেন সার্ভিসকে খুব কাছ থেকে দেখেছেন, তাঁরা কীভাবে বলতে পারেন যে প্রতিবেশী দেশে যা ঘটেছে তা ভারতেও ঘটবে!”

শনিবার যোধপুরে রাজস্থান হাই কোর্টের প্ল্যাটিনাম জুবিলি উদযাপনের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন। ধনখড় বলেন, “সাবধান! অনেকে এমন একটা ন্যারেটিভ ছড়ানোর চেষ্টা করছেন যে, আমাদের প্রতিবেশী দেশে যেটা হয়েছে, তেমনটা ভারতেও হতে চলেছে। এটা খুবই উদ্বেগজনক।”

কংগ্রেস নেতাদের উদ্দেশ্যে:

মনে করা হচ্ছে, ধনখড়ের এই মন্তব্য কংগ্রেস নেতা সলমন খুরশিদ এবং মণিশঙ্কর আইয়ারের দিকে ইঙ্গিত করে। সম্প্রতি এই দুই নেতা ভারত ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির তুলনা করেছিলেন। খুরশিদ বলেছিলেন, ভারতে আপাতত স্বাভাবিক পরিস্থিতি থাকলেও, ভবিষ্যতে বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি হতে পারে।

দেশবিরোধী শক্তির উদ্দেশ্য:

ধনখড়ের মতে, এই ধরনের তুলনা করার মাধ্যমে কিছু লোক দেশের পরিস্থিতি অস্থির করার চেষ্টা করছে। তিনি বলেন, “কিছু কিছু ব্যক্তি ভারত ও তার প্রতিবেশী দেশগুলির মধ্যে তুলনা টানার চেষ্টা করছেন।”