PM আবাস যোজনায় তৈরী হবে আরও ২ কোটি বাড়ি, অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা

কেন্দ্রীয় মন্ত্রিসভা আবাস যোজনা-গ্রামীণ প্রকল্পে আরও দুই কোটি বাড়ি নির্মাণের অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে শুক্রবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৪-২৫ থেকে ২০২৮-২৯ অর্থবছর পর্যন্ত এই প্রকল্প চলবে।

সমতল এলাকায় একটি বাড়ি নির্মাণে ১ লক্ষ ২০ হাজার টাকা এবং পাহাড়ি অঞ্চলে ১ লক্ষ ৩০ হাজার টাকা পর্যন্ত সরকারি অনুদান দেওয়া হবে। বিশেষ করে উত্তর-পূর্ব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু-কাশ্মীর এবং লাদাখের মানুষেরা এই উচ্চতর অনুদানের সুযোগ পাবেন।

এই প্রকল্পের জন্য মোট ৩ লক্ষ ৬ হাজার কোটি টাকা ব্যয় করা হবে। এর মধ্যে কেন্দ্র সরকার দেবে ২ লক্ষ ৫ হাজার কোটি টাকা এবং রাজ্য সরকার দেবে ১ লক্ষ কোটি টাকা। ২০২৪-২৫ সালে আগের বছরের অসম্পূর্ণ বাড়িগুলির কাজও শেষ করা হবে।

এই প্রকল্পটি প্রায় ১০ কোটি মানুষকে উপকৃত করবে এবং গ্রামীণ এলাকায় সকলের জন্য আবাসনের লক্ষ্য অর্জনে সাহায্য করবে। জরাজীর্ণ বাড়িতে থাকা মানুষেরা নিরাপদ এবং স্বাস্থ্যকর আবাসন পাবেন।