“পরীক্ষার প্রশ্নপত্র তৈরী করতে হবে স্কুলের শিক্ষকদের”- সংসদের নির্দেশে বিপাকে উচ্চ মাধ্যমিক স্কুল

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একাদশ শ্রেণীর প্রথম ও দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার প্রশ্নপত্র স্কুলের নিজস্ব শিক্ষকদের দ্বারা তৈরি করার নির্দেশ দিয়েছে। এই নির্দেশ অনুযায়ী, কোনও শিক্ষক সংগঠন বা বাইরের কোনো সংস্থা তৈরি প্রশ্নপত্র ব্যবহার করা যাবে না। এই নির্দেশিকা নিয়ে প্রায় সাত হাজার উচ্চ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকরা গভীরভাবে চিন্তিত।

কারণ, বেশিরভাগ স্কুলে একাদশ ও দ্বাদশ শ্রেণীর অনেক বিষয়ে পূর্ণকালীন শিক্ষক নেই। তাদেরকে অংশকালীন বা মাধ্যমিক স্তরের শিক্ষকদের উপর নির্ভর করতে হয়। আবার, চলতি শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রমে ব্যাপক পরিবর্তন করা হয়েছে এবং একাদশের প্রথম সেমিস্টার পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে ওএমআর শীটে নেওয়া হবে। এই নতুন ব্যবস্থায় অভ্যস্ত না হওয়া শিক্ষকদের জন্য প্রশ্নপত্র তৈরি করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

কলকাতার মিত্র ইনস্টিটিউশন (ভবানীপুর ব্রাঞ্চ) প্রধান শিক্ষক রাজা দে সংবাদমাধ্যমে বলেন, ‘আমাদের উচ্চ মাধ্যমিকে ২৭০ জন পড়ুয়া। কিন্তু ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, ফিলোজফি এবং এডুকেশনে কোনও স্থায়ী শিক্ষক নেই। আগের সিলেবাস হলে সমস্যা হতো না। যে পার্ট-টাইম শিক্ষকদের দিয়ে চালাতে হয়, তাঁরাও নতুন। তাঁরা সংসদের নিয়ম মেনে প্রশ্ন তৈরি করতে পারবেন কিনা, সংশয়ে আছি।’

পঞ্চানন্দপুর সুকিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক মোস্তাফা কামাল সংবাদমাধ্যমে বলেন, ‘আমাদের একাদশ ও দ্বাদশে ছশো পড়ুয়া। ১০টি বিষয়ে পূর্ণসময়ের (বাংলা, ইংরেজি, ইতিহাস, সংস্কৃত, ভূগোল, সোশিয়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার অ্যাপ্লিকেশন) কোনও শিক্ষকই নেই। মাধ্যমিকের টিচার এবং পার্টটাইম টিচাররা কী ভাবে প্রশ্ন করবেন, বলা কঠিন।’