জাপানে ৫.৩ মাত্রার ভূমিকম্প, তবে এখনো জারি হয়নি সুনামি সতর্কতা

জাপানে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় টোকিওসহ দেশটির পূর্বাঞ্চলে এই ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এবারের ভূমিকম্প আঘাত হানার আগে বৃহস্পতিবারই একটি সতর্কতা জারি করে জাপান সরকার।
জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাজধানীর পাশের দক্ষিণের কানাগাওয়া অঞ্চলে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার নিচে। তবে এখনো কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
এদিকে ভূমিকম্পের মূল কেন্দ্রস্থলের আশপাশের এলাকায় ক্ষয়ক্ষতির খবর তাৎক্ষণিক পরিষ্কার না। তবে এই ঘটনার পর পরই জাপানি প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর এখনো পায়নি সরকার।
সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, শিজুওকার হামাওকা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং কানাগাওয়ার তাপ বিদ্যুৎকেন্দ্রে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
তবে টোকিও ও কানাগাওয়ার কাছাকাছি অঞ্চলে সেন্ট্রাল জাপান রেলওয়ে এবং শিনকানসেন হাইস্পিড রেল পরিষেবা বন্ধ রাখা হয়েছে।
সূত্র: রয়টার্স