BDO-কে বোতল ছুড়ে মারলেন TMC নেতা, ঘটনায় শোরগোল বাংলায়

হাবরা-২ ব্লকের বিডিও অফিসে শুক্রবার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ব্লকের উন্নয়নমূলক কাজ নিয়ে চলা এক বৈঠকের সময় তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি রতন দাস ব্লক উন্নয়ন আধিকারিক (বিডিও) সীতাংশুশেখর শিটকে গালিগালাজ করেছেন, হুমকি দিয়েছেন এবং তাঁর উপর জলের বোতল ছুড়ে মারার অভিযোগ উঠেছে।
এই ঘটনার পর থেকে প্রশাসনিক মহলে তোলপাড় শুরু হয়েছে। বিডিওকে হেনস্থা করার পর, উল্টে পঞ্চায়েত সমিতির সভাপতি নিজেই জেলাশাসকের কাছে অভিযোগ দায়ের করেছেন বলে খবর।
জানা গেছে, বিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতির মধ্যে আগে থেকেই বিভিন্ন ইস্যুতে মতবিরোধ ছিল। শুক্রবারের এই বৈঠকে সেই বিরোধ চরমে পৌঁছে যায়। বৈঠক চলাকালীন, উন্নয়ন কাজের টেন্ডার নিয়ে তাঁদের মধ্যে তুমুল বচসা হয় এবং পরে পরিস্থিতি এতটাই খারাপ হয় যে, সভাপতি বিডিওর উপর হামলা করেন।
রতন বলেন, ‘বোতল ছোড়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। বিডিও কোনও উন্নয়নের কাজই করেন না৷ ফলে আমাদের ব্লক পিছিয়ে পড়েছে। তাই টেন্ডার নিয়ে বৈঠক চলাকালীন রাগের মাথায় বোতল সরিয়ে রাখতে গিয়ে পড়ে গিয়েছে।’
জেলা প্রশাসনের এক কর্তা বলেন, ‘বিষয়টি নিয়ে দপ্তরে অভিযোগ এসেছে। কী কারণে সমস্যা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।’
বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, ‘এটা ব্লকের নিজেদের মধ্যে কোনও একটা সমস্যা হয়েছে। জেলাশাসক বিষয়টি দেখছেন। তবে জেলাশাসক আমায় বলেছেন ওই বিডিওর বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে।’
এই ঘটনার পর থেকে হাবরা-২ ব্লকে রাজনৈতিক উত্তেজনা বেড়েছে। বিরোধী দলগুলি এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র সমালোচনা শুরু করেছে।