SPORTS: চ্যাম্পিয়ন্স ট্রফিও হবে হাইব্রিড মডেলে, আইসিসির গ্রিন সিগন্যাল

আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে গড়াবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এরই মধ্যে নিশ্চিত হয়েছে আসরের ৮ দল। তবে দেশটিতে গিয়ে খেলতে নারাজ ভারত। এজন্য এশিয়া কাপের আদলে ‘হাইব্রিড মডেল’-এ হতে পারে আইসিসির এই ইভেন্টও। এরই মধ্যে নাকি বিষয়টি নিয়ে গ্রিন সিগন্যালও দিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

পাকিস্তানের বাইরে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ আয়োজন করতে পিসিবিকে বাড়তি অর্থ বরাদ্দ দিতে রাজি হয়েছে আইসিসি। সম্প্রতি এমন খবর প্রকাশ করেছে বেশ কয়েকটি গণমাধ্যম।

ভারতকে পাকিস্তানে আতিথ্য দিতে প্রস্তুত পিসিবি। তবে রাজনৈতিক কারণে যেতে নারাজ ভারত। একের পর এক চেষ্টা চালিয়েও শেষমেশ ব্যর্থ পিসিবি। আলোচ্য সূচিতে না থাকায় শ্রীলঙ্কায় অনুষ্ঠিত আইসিসির সর্বশেষ সভায়ও এ বিষয়ে কোন আলোচনা করেননি দুই দেশের বোর্ড কর্তারা।

এ সভার পর অনেকটাই হাল ছেড়ে দিয়েছে পিসিবি। ভারতের পাকিস্তানে যাওয়া না যাওয়া আইসিসির ওপরই ছেড়ে দিয়েছেন পিসিবি প্রধান মহসিন নাকভি।

রাজনৈতিক অস্থিরতার কারণে ২০১২ সালের পর থেকে বন্ধ ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ। সর্বশেষ এশিয়া কাপেও ভারতকে রাজি করাতে না পেরে শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে আসর আয়োজন করে পাকিস্তান। তবে ভারতের ম্যাচসহ বেশিরভাগ ম্যাচই আয়োজন করতে হয়েছে শ্রীলংকায়।

এবারও আশ্বাস দিয়েও শেষ পর্যন্ত পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। অথচ ভারতের ম্যাচের সূচি, ভেন্যু সবকিছু ঠিক করে আইসিসিকে জমাও দিয়েছিল পাকিস্তান। গণমাধ্যমের খবর, ভারতের সুবিধার্থে লাহোরে রাখা হয়েছিল তাদের সব ম্যাচ। এমনকি স্টেডিয়ামের পাশে একটি বিলাসবহুল হোটেল তৈরির প্রক্রিয়াও নাকি শুরু করেছিল পাকিস্তান। যাতে রোহিতদের দূরে কোথাও ভ্রমণ করতে না হয়।

কিন্তু ভারত নিজেদের সিদ্ধান্তে অটল থাকায় চূড়ান্ত সিদ্ধান্ত এখন আইসিসির হাতে। ভারতের কথামত না চললে বড় অঙ্কের ক্ষতির মুখে পড়তে হবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে। আর সে কারণেই ভারতের ম্যাচগুলো পাকিস্তানের বাইরে পিসিবিকে বাড়তি অর্থ দিতে রাজি হয়েছে সংস্থাটি। টুর্নামেন্ট আয়োজন করতে গিয়ে পাকিস্তান যাতে বাড়তি ক্ষতির মুখে না পড়ে, সে কারণে এই অর্থ দেবে পিসিবি।

এদিকে, ভারত না খেললেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পাকিস্তানে যেতে সম্মতি জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।