বর্ষায় গাড়ি থেকে ভ্যাপসা গন্ধ দূর করতে যা করবেন, বিস্তারিত জেনেনিন

কখনো বৃষ্টি কখনো আবার রোদ। তবে ঘন ঘন বৃষ্টি হওয়ায় আবহাওয়া কিছুটা স্যাঁতসেঁতে হয়ে থাকে। ঘরের মতো গাড়ির মধ্যেও এ সময় ভ্যাপসা একটা গন্ধ হয়। নোংরা জল-কাদা ঢুকে ভ্যাপসা দুর্গন্ধ ছড়াতে পারে। ফলে এ সময় গাড়ির অতিরিক্ত যত্ন দরকার।

প্রতিদিন অফিসে যাওয়াই হোক কিংবা সপ্তাহান্তের লং-ড্রাইভ, একটি পরিষ্কার ঝকঝকে কেবিন, সারা রাস্তায় আপনার মেজাজকে ফুরফুরে রাখবে। তাই চলুন বর্ষায় গাড়ির ভেতরের ভ্যাপসা দুর্গন্ধ দূর করার উপায় জেনে নেওয়া যাক-

>> গাড়ির কেবিনে দুর্গন্ধ সৃষ্টি হয় মূলত এর ভেতরে ঠিকভাবে বাতাস চলাচল করতে না পারলে। গাড়ির মধ্যে বসে খাওয়া-দাওয়া কিংবা ধূমপান করলেও ভেতরে দুর্গন্ধের সৃষ্টি হয়। তাই গাড়ি চালানোর শুরুতেই জানালা কিছুক্ষণ খোলা রাখুন। এতে বাইরের বাতাস আপনার গাড়ির কেবিনে সহজেই প্রবেশ করতে পারবে।

>> প্রায় সব গাড়ির মধ্যেই এয়ারকন্ডিশন সিস্টেমের সঙ্গে ‘রি-সার্কুলেট’ বোতাম দেওয়া থাকে। বাইরের বাতাস গাড়ির কেবিনে প্রবেশ করাতে চাইলে বোতামটি অফ রাখুন। অন্যদিকে বাইরের দুর্গন্ধযুক্ত হওয়াকে রোধ করতে বোতামটি অন রাখুন। এ প্রক্রিয়া আপনার গাড়ির ভেতরের বাতাসকে দীর্ঘ সময় দুর্গন্ধমুক্ত রাখতে সাহায্য করবে।

>> গাড়ির ভেতরে প্রত্যেকটি খাঁজযুক্ত স্থানে সহজেই ধূলিকণা কিংবা খাবারের অংশ প্রবেশ করে। আর বেশিরভাগ গাড়ির মালিক এ ব্যাপারে অসচেতন থাকেন। প্রতি পনেরো দিন অন্তর গাড়ির ফ্লোরবোর্ডে থাকা ম্যাট এবং প্রতিটি জায়গা ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ভালোভাবে পরিষ্কার করা উচিত।

>> একটি গাড়ির সব আসন সরিয়ে সম্পূর্ণ পরিষ্কার করা সহজ কাজ নয়। তাই প্রতি ছয় মাস অন্তর দক্ষ কোনো ব্যক্তিকে দিয়ে গাড়ির কেবিনের প্রত্যেকটি অংশ খুঁটিয়ে পরিষ্কার করুন। সিটের নিচে থাকা অংশগুলোতে অজান্তেই পড়ে থাকতে পারে খাবার কিংবা কোন পচনীয় বস্তুর অংশ। যা থেকে তৈরি হয় দুর্গন্ধ সৃষ্টিকারী ফাঙ্গাস।

>> গাড়িতে সুগন্ধি ব্যবহার করুন। এতে খুব সহজেই আপনার গাড়ির ভেতরের কটু গন্ধ দূর হবে। তবে উগ্র সুগন্ধি থেকে দূরে থাকুন। এগুলো থেকে অনেকের মাথাব্যথার সমস্যা দেখা দিতে পারে। আবার বেশি সময় আটকা গাড়ির মধ্যে সেই গন্ধ থেকে দুর্গন্ধের সৃষ্টি হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *