মুম্বইয়ে বহুতলে ধস, ধ্বংসস্তূপে আটকে থাকার আশঙ্কা একাধিক ব্যক্তির, মৃত ১

শনিবার সকালে মুম্বইয়ের গ্রান্ড রোড এলাকার চারতলা বিল্ডিং ‘রুবিনিসা মঞ্জিল’-এর একাংশ ধসে পড়ে একজন মহিলার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। ধ্বংসস্তূপের মধ্যে আরও বেশ কয়েকজনের আটকে থাকার আশঙ্কা রয়েছে বলে মনে করা হচ্ছে।

দমকল বিভাগ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে।এখন পর্যন্ত ১৩ জনকে উদ্ধার করা হয়েছে।ধ্বংসস্তূপের মধ্যে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চলছে।

প্রচণ্ড বৃষ্টির কারণে বিল্ডিংয়ের একাংশ ধসে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।বিল্ডিংটি পুরনো এবং জীর্ণ ছিল বলেও জানা গেছে।

বুধবার সন্ধ্যায় উত্তর প্রদেশের কনৌজে মহরম মিছিলের সময় একটি বাড়ির ছাদ ধসে মৃত্যু হয় এক শিশুর। আহত হয়েছেন ১৪ জন।৫ জুলাই অসমের গুয়াহাটিতে ভয়াবহ ভূমিধসে বাড়ি ভেঙে পড়ে মৃত্যু হয় ৩৫ বছরের এক মহিলা ও তাঁর ১৪ বছরের ছেলের।প্রবল বৃষ্টিতে মুম্বই, নাগপুর, পোরবন্দরসহ মহারাষ্ট্র ও গুজরাটের বেশ কিছু এলাকা জলমগ্ন হয়েছে।