মেদিনীপুরের বাজারে ভয়াবহ আগুনে ভস্মীভূত একাধিক দোকান, ছোটছুটিতে শিশুর মৃত্যু

বৃহস্পতিবার মধ্যরাতে মেদিনীপুর শহরের গেট বাজারে আচমকা ভয়াবহ অগ্নিকাণ্ড দেখা দেয়। দ্রুত ছড়িয়ে পড়া আগুনে মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় বাজারের ৫ থেকে ৬টি দোকান।

স্থানীয়রা আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে। দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করার সময় একটি দোকানে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। সিলিন্ডারের টুকরো ছিটকে এসে এক শিশুর গায়ে লাগে, যার ফলে সে গুরুতর আহত হয়। দ্রুত তাকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এই দুঃখজনক ঘটনায় শোকাহত শিশুর পরিবার। তাদের প্রিয়জনের মৃত্যুতে চোখের জল রোধ করতে পারছেন না তারা।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূচনা হয়েছে।

প্রত্যক্ষদর্শী বলেন, ‘ঘুম ভেঙে যেতেই গরম বাতাস অনুভব হয়। দরজা খুলতেই দেখি আগুন জ্বলছে। মিষ্টির দোকান থেকে আগুন লেগেছে। ৫-৬টা দোকান পুড়ে গিয়েছে। একটা ৮ বছরের বাচ্চা মারা গিয়েছে। আমারও হাতে লেগেছে।’

মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান বলেন, ‘দুঃখজনক ঘটনা, কী ভাবে আগুন লেগেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।’

ধৃতিমান সরকার বলেন, ‘আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’