দুর্ঘটনা রোধে লেভেল ক্রসিংয়ে বসানো হবে স্লাইডিং গেট? জেনেনিন কি হবে সুবিধে?

রবিবার রাতে খড়দহ লেভেল ক্রসিংয়ে ট্রেন দুর্ঘটনার পর ‘স্লাইডিং বুম’ বসানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।

দুর্ঘটনার কিছুক্ষণ পরেই পূর্ব রেলের সিগন্যাল ও টেলিকম বিভাগ জানায় যে, রেলওয়ে জোনের নির্দিষ্ট কিছু সেকশন ও স্টেশনে লেভেল ক্রসিংয়ে এতদিনের পরিচিত ‘বুম গেট’-এর বদলে ‘স্লাইডিং বুম’ বসানো হবে।

বর্তমানে ব্যবহৃত ‘বুম গেট’ মাটি থেকে প্রায় চার ফুট উচ্চতা পর্যন্ত উপর থেকে নেমে আড়াআড়ি ভাবে ট্র্যাকে প্রবেশের পথে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু মাটি থেকে ‘বুম গেট’ পর্যন্ত অংশ ফাঁকা থাকে বলে গেট বন্ধ থাকাকালীনও সাইকেল, এমনকী মোটরবাইক আরোহীরাও প্রাণের ঝুঁকি নিয়ে গেটের নীচ দিয়ে গলে লাইন পারাপার করেন।

স্লাইডিং বুমে গেটটি স্লাইডিং দরজার মতোই ক্রসিংয়ের এক দিক থেকে অন্য দিকে এগিয়ে গিয়ে মানুষ ও গাড়ির ট্র্যাকে ওঠার পথ বন্ধ করবে।

প্রাথমিকভাবে জিয়াগঞ্জ-মুর্শিদাবাদ শাখায় বেথুয়াডহরি, সরগাছি, রেজিনগর স্টেশনে এবং জিয়াগঞ্জ-ভগবানগোলা শাখার বিভিন্ন স্টেশনে, ধপধপি-গোচারণ শাখায়, গোচারণ-দক্ষিণ বারাসত শাখায়, হটর-মগরাহাট শাখায়, মছলন্দপুর-গোবরডাঙা শাখায়, হাবড়া-মছলন্দপুর শাখা এবং অন্য আরও কিছু জায়গায় মোট ৩৭টি লেভেল ক্রসিং গেটে স্লাইডিং বুম বসানোর পরিকল্পনা পাকা হয়েছে।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, “স্লাইডিং বুম গেট ট্রেন লাইনে অনুপ্রবেশ রোধে আরও কার্যকর হবে এবং দুর্ঘটনার ঝুঁকি কমাতে সাহায্য করবে।”

এই পদক্ষেপ রেল নিরাপত্তা উন্নত করতে এবং লেভেল ক্রসিং দুর্ঘটনা রোধে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।