SPORTS: আর কতদিন খেলবেন মেসি? নিজেই জানালেন মনের কথা

লিওনেল মেসি। ফিফা স্বীকৃত সর্বকালের সেরা ফুটবলার। বর্তমানে ক্যারিয়ারের সম্ভাব্য শেষ কোপা আমেরিকার আসর খেলছেন তিনি। বয়স হয়ে গেছে ৩৭। তাই কবে তিনি ফুটবল থেকে অবসর নেবেন তা নিয়ে প্রশ্ন অনেকে ভক্তের মনে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অবসর সহ নানা বিষয়ে কথা বলেছেন মেসি। সেখানে কোপা আমেরিকা প্রসঙ্গে তিনি বলেন, আমরা সবাই জানি কোপা আমেরিকা অনেক কঠিন টুর্নামেন্ট। সকল টুর্নামেন্টই অনেক কঠিন। এখানে সামান্য ভুলত্রুটিই ফলাফল নির্ধারণ করে দিবে।
ভবিষ্যতে আরো কোপা আমেরিকা খেলবেন কি না এ প্রশ্নের উত্তরে মেসি বলেন, আরেকটি কোপা আমেরিকা খেলা? না। আপাতত আমি এতদূর চিন্তা করতে চাই না। আমি এখন বেশ উপভোগ করছি এবং এভাবেই প্রতিদিন উপভোগ করে যেতে চাই।
মেসি আরো বলেন, যখন আমি অনেক ভুগেছিলাম তখনও জাতীয় দলের হয়ে দারুণ সময় পার করেছিলাম। তাই বলতে পারি, আমি সবসময়েই চাই এবং চেষ্টা করি দলের সঙ্গে থাকতে। যখন ফলাফল আমাদের পক্ষে আসতো না তখন আমাদের খারাপ সময় ছিল। এখন আমরা বেশ উপভোগ করেছি। আমিও প্রতিদিন উপভোগ করে যাচ্ছি।
এরপর নিজের ভবিষ্যৎ চিন্তা নিয়ে কথা বলেন মেসি। তিনি বলেন, আমি যতদিন সুস্থ থাকবো ততদিনই খেলতে পারবো। আমি কোপা আমেরিকাতে বেশ ভালোই করেছি এবং ইনজুরি আমার পরিকল্পনাকে পরিবর্তন করে দিয়েছে; এটি আমি চেয়েছি এমনটা না। এখন আবারো একটি ফাইনালে আমরা। এখন সময় উপভোগ করার। সর্বোচ্চটা চেষ্টা করবো আমরা আবারো চ্যাম্পিয়ন হতে।