বিশেষ: ক্যান্সার রোগীদের মৃত্যুর কারণ নিয়ে জানা গেলো নতুন তথ্য, জেনেনিন বিস্তারিত

মার্কিন গবেষক বো লির নেতৃত্বে পরিচালিত একটি গবেষণায় উঠে এসেছে— ক্যান্সার নয়— বেশিরভাগ ক্যান্সার আক্রান্ত রোগীর মৃত্যু হয় ‘ক্যাচেক্সিয়া’ নামের একটি রোগে।
গবেষকরা দেখেছেন যখন ক্যান্সারের টিউমার— ইন্টারলিউকিন-৬ (আইএল-৬) নামের একটি রোগ প্রতিরোধ অণুর মাত্রা বাড়িয়ে দেয়, তখন এটির কারণে মারাত্মকভাবে ব্রেনের কার্যক্ষমতা কমে যায়। কার্যক্ষমতা কমার কারণে ৫০ থেকে ৮০ শতাংশ ক্যান্সার রোগীর ‘ক্যাচেক্সিয়া’ রোগ হয়।
যুক্তরাষ্ট্রভিত্তিক কোল্ড স্প্রিং হার্বার ল্যাবরেটরি (সিএসএইচএল) এর প্রফেসর বো লি বলেছেন, “এটি খুবই মারাত্মক একটি সিনড্রোম।”
ন্যাচার কমিউনিকেশন নামের একটি জার্নালে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে এই গবেষক আরও বলেছেন, “বেশিরভাগ ক্যান্সার রোগীর মৃত্যু ক্যান্সারের বদলে ক্যাচেক্সিয়ায় হয়। এখান থেকে ফেরার কোনো উপায় নেই। মূলত এই রোগের কোনো চিকিৎসা নেই।”
এই প্রফেসর ও তার দল একটি ইঁদুরের উপর গবেষণা চালিয়েছেন। এতে তারা দেখেছেন মস্তিষ্কের ‘এরিয়া পোসট্রেমা’ নামের একটি নিউরনে আইএল-৬ নামের রোগ প্রতিরোধী অণু প্রবেশে বাধা প্রধান করলে ইদুরের মধ্যে ক্যাচেক্সিয়া হয় না।
ভবিষ্যতে এসব নিউরন লক্ষ্য করে ওষুধ প্রয়োগ করে ক্যান্সার ক্যাচেক্সিয়াকে একটি চিকিৎসাযোগ্য রোগে পরিণত করা যাবে বলে জানিয়েছেন এই প্রফেসর।
সুস্থ রোগীদের মধ্যে আইএল-৬ একটি প্রাকৃতিক রোগ প্রতিরোধী হিসেবে কাজ করে। এই অণু পুরো শরীরে প্রবাহিত হয়। যখন কোনো হুমকির সঙ্গে এই প্রতিরোধ ব্যবস্থা কাজ করে— তখন এটির বিরুদ্ধে একসঙ্গে লড়াই করতে মস্তিষ্ককে সতর্ক করে দেয়।
গবেষকদের তথ্য অনুযায়ী, প্রচুর পরিমাণে আইএল-৬ উৎপাদিত হওয়ায় ক্যান্সার এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। যেটি শরীরে মারাত্মক প্রভাব ফেলে। যার মধ্যে অন্যতম হলো মানুষ ও প্রাণী খাবার খাওয়া ছেড়ে দেবে। অপরটি হলো ক্যাচেক্সিয়া হওয়া।
সূত্র: সায়েন্স ডেইলি