রাশিয়ার হামলায় ইউক্রেনের ৪ টি হাইমার্স রকেট লঞ্চার ধ্বংস, হতাহত ১৭১০ জন

ইউক্রেনে রুশ বাহিনী বিশেষ সামরিক অভিযানে চারটি যুক্তরাষ্ট্রের তৈরি হাইমার্স মাল্টিপল রকেট লঞ্চার ধ্বংস করেছে। এসময় সেগুলো ব্যবহারের জন্য নিযুক্ত ৩৫ জন বিদেশী বিশেষজ্ঞও নিহত হয়েছে।

সোমবার (৮ জুলাই) এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘন্টার মধ্যে রাশিয়ার ব্যাটেলগ্রুপ নর্থ সুমি অঞ্চলে ইউক্রেনের তিনটি সেনা ব্রিগেডকে হতাহত করেছে। শত্রুদের ক্ষয়ক্ষতির পরিমাণ ৩১০ জন কর্মী নিহত, তিনটি মোটরযান, যুক্তরাষ্ট্রের তৈরি দুইটি এম৭৭৭ মডেলের ১৫৫ মিলিমিটার হাউইটজার কামান ও ডি-৩০ মডেলের ১২২ মিলিমিটার আরেকটি হাউইটজার কামান। ব্যাটলগ্রুপ ওয়েস্টের হামলায় ৪৯৫ জন ইউক্রেনীয় সেনা নিহত এবং তিনটি গোলাবারুদ ডিপো ধ্বংস হয়েছে। ব্যাটলগ্রুপ সাউথের হামলায় ৫৭০ এবং ব্যাটলগ্রুপ সেন্টারের হামলায় ৩৮৫ জন ইউক্রেনীয় সেনা নিহত ও একটি মার্কিন তৈরি আব্রামস ট্যাঙ্ক ধ্বংস হয়েছে। ব্যাটলগ্রুপ ইস্টের হামলায় গত দিনে ইউক্রেনের সেনাবাহিনীকে ১৪০ ও ব্যাটেলগ্রুপ ডিনেপ্রর হামলায় ৯০ জন সেনা হতাহত হয়েছে।

এদিকে, রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী গত দিনে ৩০টি ইউক্রেনীয় মনুষ্যবিহীন আকাশযান (ইউএভি), চারটি হ্যামার স্মার্ট বোমা এবং পাঁচটি হাইমার্স রকেট ধ্বংস করেছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।

সব মিলিয়ে বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে রাশিয়ার সশস্ত্র বাহিনী ৬২৬টি ইউক্রেনীয় যুদ্ধবিমান, ২৭৭টি হেলিকপ্টার, ২৭,৩৪৪টি মনুষ্যবিহীন আকাশযান, ৫৪০টি সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম, ১৬,৫২৮টি ট্যাঙ্ক ও অন্যান্য সাঁজোয়া যুদ্ধ যান, ১,৩৬৯টি মাল্টিপল রকেট লঞ্চার, ১১,৫৫৬টি ফিল্ড আর্টিলারি গানস ও মর্টার এবং ২৩,৪৫৩টি বিশেষ সামরিক মোটর যান ধ্বংস করেছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।

সূত্র: তাস