রবীন্দ্র সরোবরকে বেসরকারি কাজে ব্যবহার করা যাবে না -নির্দেশ দিলো হাইকোর্ট

রবীন্দ্র সরোবর লেক এলাকায় কোন বেসরকারি কাজ চালানো যাবে না বলে স্পষ্ট নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী, আপাতত রবীন্দ্র সরোবরে ‘ক্রিকেট লিগ’-এর আয়োজন বন্ধ থাকবে। এছাড়াও, পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত সরোবরে তারকাদের ক্রিকেট প্র্যাকটিসও বন্ধ থাকবে।

হাইকোর্টের বক্তব্য:

“পাবলিক এরিয়া” কখনই বেসরকারি কাজে ব্যবহার করা যাবে না।
রাজ্য অনেক কিছুই করতে পারে, কিন্তু ‘পাবলিক এরিয়া’-কে নষ্ট করা যাবে না।

প্রেক্ষাপট:

রবীন্দ্র সরোবরের ৯৮ কাঠা জমি তারকা ক্রিকেট প্র্যাকটিসের জন্য ব্যবহারের অনুমতি দিয়েছিল কেএমডিএ।
‘সবুজ মঞ্চ’ নামক একটি সংগঠন এই অনুমতির বিরুদ্ধে আদালতে যায়। তাদের অভিযোগ ছিল, এই অনুমতি পাওয়ার পরেই একাধিক বৃক্ষছেদন করা হয়েছে এবং সরোবরের চরিত্র নষ্ট হচ্ছে।

‘ক্যালকাটা এন্টারটেনমেন্ট ক্লাব ফাউন্ডেশন’-কে এই অনুমতি দেওয়া হয়েছিল। এই ক্লাবের তিন ডিরেক্টরের মধ্যে একজন নামী অভিনেতাও রয়েছেন।
আদালতের রায়:

এই মামলায় রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি।আগামী ২৫ জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবে।২৫ জুলাই পর্যন্ত রবীন্দ্র সরোবরে তারকাদের ক্রিকেট প্র্যাকটিসের উপর অন্তর্বর্তী নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

রবীন্দ্র সরোবর লেক এলাকাকে “শহরের ফুসফুস” বলা হয়।পরিবেশ রক্ষার জন্য আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছে অনেকে।