স্ত্রীকে সঙ্গে নিয়ে ভোট দিলেন ঋষি সুনাক, জেতার বিষয়ে আশাবাদী দম্পতি

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের ভোট চলছে। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকাল সাতটায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে রাত ১০টা পর্যন্ত। এরইমধ্যে ভোটাররা কেন্দ্রে আসতে শুরু করেছেন। অনেকে পোস্টাল ব্যালটের মাধ্যমেই ভোট দিয়েছেন। কিরবি সিগস্টোন কেন্দ্রে স্ত্রী অক্ষতা মূর্তিকে সাথে নিয়ে ভোট দিয়েছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

এবার ৪ হাজার ৫১৫ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। বিভিন্ন দল থেকে প্রায় ৩৪ জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক এবারের নির্বাচনে প্রার্থী হিসেবে লড়াই করছেন। মে মাসে প্রধানমন্ত্রী ঋষি সুনাক নির্বাচনের ডাক দেন। নিবন্ধিত ভোটার বা একজন ব্রিটিশ নাগরিক বা কমনওয়েলথ বা রিপাবলিক অব আয়ারল্যান্ডের যোগ্য নাগরিক যার বয়স ১৮ বছর বা তার বেশি এমন যে কেউ ভোটে অংশ নিতে পারবেন।

এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি ও বিরোধী লেবার পার্টির মধ্যে।

যদিও নির্বাচনী জরিপগুলো জানিয়েছে, এবারের নির্বাচনে ভরাডুবি হবে ঋষি সুনাক ও তার দল ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির (টোরি)। নিজস্ব কর পরিকল্পনা নিয়ে অসন্তোষের জেরে ক্ষমতা গ্রহণের মাত্র ৪৯ দিন পরই প্রধানমন্ত্রীত্ব থেকে বিদায় নিতে হয় লিজ ট্রাসকে। তার পরিবর্তে ঋষি সুনাককে ক্ষমতায় বসান কনজারভেটিভ আইনপ্রণেতারা।

দেশের টালমাটাল অর্থনীতিতে কিছুটা স্থিতিশীলতা আনতে পারলেও দলের ভেতরের চলমান বিবাদ অবসানে ব্যর্থ হন ৪৪ বছর বয়সী ধনাঢ্য সুনাক। এমন পরিস্থিতিতে গত ২২ মে নির্ধারিত সময়ের ছয় মাস আগেই আকস্মিক আগাম নির্বাচনের ঘোষণা দেন তিনি। ভেবেছিলেন, তার এ অপ্রত্যাশিত ঘোষণা জনসমর্থনে এগিয়ে থাকা লেবার পার্টিকে টালমাটাল করে দিবে। কিন্তু এই ঘোষণা বরং তার দলকেই ঠেলে দিয়েছে আরেক বিপর্যয়ের মুখে।

যুক্তরাজ্যের পার্লামেন্টে মোট আসন ৬৫০টি। সার্ভেশনসের সেন্ট্রাল সিনারিওর তথ্য অনুযায়ী, লেবার পার্টি ৪৮৪ আসনে জয় পেতে পারে। যা দলটির সাবেক নেতা টনি ব্লেয়ারের আমলের ৪১৮টি আসনে জয়ের থেকেও বেশি। এক দশকের বেশি সময় ধরে যুক্তরাজ্যে ক্ষমতায় রয়েছে কনজারভেটিভ পার্টি। পূর্বাভাসে বলা হচ্ছে, ক্ষমতাসীন দলটি মাত্র ৬৪ আসনে জয় পেতে পারে। যা হতে পারে দলটি প্রতিষ্ঠার পর সর্বনিম্ন আসনে জয়। ১৮৩৪ সালে কনজারভেটিভ দলের জন্ম হয়। তাছাড়া ডানপস্থি রিফর্ম ইউকে পার্টি জিততে পারে ৭ আসনে।