SPORTS: রোহিত-কোহলিদের ১২৫ কোটি টাকা বোনাস দিচ্ছে বিসিসিআই, করলো বড় ঘোষণা

টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ায় প্রাইজমানি হিসেবে সাড়ে ২৪ লাখ মার্কিন ডলার বা প্রায় ২০ কোটি ৪২ লাখ টাকা পেয়েছে ভারত। রোহিত শর্মার দলের জন্য আইসিসির দেওয়া এই প্রাইজমানির থেকে প্রায় ৬ গুণ বেশি অর্থ পুরস্কারের ঘোষণা দিলো বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

বিশ্বকাপজয়ী দলের খেলোয়াড়, কোচ ও সাপোর্ট স্টাফদের মোট ১২৫ কোটি টাকা পুরস্কার দিচ্ছে বিসিসিআই। আজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে এ পুরস্কারের ঘোষণা দিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ।

বোর্ডের পক্ষ থেকে জয় শাহ বলেন, ‘আমি আনন্দচিত্তে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা টিম ইন্ডিয়ার জন্য ১২৫ কোটি টাকা প্রাইজমানি ঘোষণা করছি। দলটি টুর্নামেন্টজুড়ে অসাধারণ প্রতিভা, প্রত্যয় ও খেলোয়াড়সুলভ মানসিকতা দেখিয়েছে। এই অনন্যসাধারণ অর্জনের জন্য সব খেলোয়াড়, কোচ ও সাপোর্ট স্টাফদের অভিনন্দন জানাই।’

এবারের বিশ্বকাপের জন্য আইসিসি মোট অর্থ পুরস্কার রেখেছিল ১ কোটি ১২ লাখ ৫০ হাজার ডলার, যা ১৩২ কোটি ৭ লাখ টাকা।

এর মধ্যে শিরোপাজয়ী ভারত ২৮ কোটি ৭৬ লাখ ও রানার্সআপ দক্ষিণ আফ্রিকা ১৫ কোটি ২ লাখ টাকা পেয়েছে।