গরমে পড়ুয়াদের নাজেহাল অবস্থা, ক্লাসরুম ঠান্ডা রাখতে AC-র ব্যবস্থা শিক্ষকদের

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় গত কয়েকদিন ধরে গলদঘর্ম অবস্থা বিরাজমান।অস্বাভাবিক তাপপ্রবাহের কারণে শিশুরাও কাহিল হয়ে পড়ছে। স্কুল চালু থাকলেও গরমের চোটে নাজেহাল হচ্ছে স্কুলের পড়ুয়ারা।

এই পরিস্থিতিতে নদিয়া জেলার হবিবপুরের দোহার পাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা একটি অনন্য পদক্ষেপ নিয়েছেন।তারা তাদের ক্লাসরুমে এসি লাগিয়েছেন।

ইংরেজি মাধ্যম স্কুলে এসি লাগানো স্বাভাবিক হলেও গ্রামের প্রাথমিক স্কুলে এটি অভাবনীয়।দোহার পাড়া প্রাথমিক বিদ্যালয়ের এই পদক্ষেপ স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের সাহসী উদ্যোগের প্রমাণ।

স্কুলের প্রধান শিক্ষক দীপঙ্কর সরকার বলেন,”এই প্রবল দাবদাহে এবার অনেক আগেই স্কুলে ছুটি পড়ে গিয়েছিল। স্কুল খোলার পরেও গরমের তীব্রতা এতটুকু কমেনি। বহু অভিভাবকই এই গরমে ছোটদের স্কুলে পাঠাচ্ছেন না। অনেকসময় ছোটরাও কিন্তু স্কুলে আসতে চাইছে না। এই পরিস্থিতিতেই ক্লাসঘরে এসি বসানোর চিন্তাভাবনা মাথায় আসে আমাদের।”

এই পদক্ষেপের ফলে স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে বলে দাবি শিক্ষকরা।

তারা মনে করেন, এসি লাগানোর ফলে শিক্ষার্থীরা আরও মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারবে।

এই উদ্যোগের জন্য স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের প্রশংসা করছে স্থানীয়রা।

তারা মনে করেন, এই পদক্ষেপ অন্যান্য স্কুলের জন্য অনুপ্রেরণা হবে।