দিলীপ ঘোষের পা ছুঁয়ে প্রণাম, মন্ত্রীর চেয়ারে বসে রাজ্যবাসীকে কী বার্তা দিলেন সুকান্ত ?

বড়দের পা ছুঁয়ে প্রণাম। দলের প্রাক্তন রাজ্য সভাপতির আশীর্বাদে মন্ত্রিসভা শুরু করতে চলেছেন বর্তমান রাজ্য সভাপতি। দিলীপ ঘোষের আশীর্বাদ নিয়ে যাত্রা শুরু করলেন নবনিযুক্ত মন্ত্রী সুকান্ত মজুমদার। চেয়ারে বসে রাজ্যের শিক্ষাক্ষেত্রে দুর্নীতি নিয়ে সরব ও প্রতিবাদ করার বার্তা দিলেন শিক্ষা দফতরের প্রতিমন্ত্র।

তিনি বলেন, ‘গত কয়েক বছরে শিক্ষা ক্ষেত্রে রাজ্যে যে ঘটনাগুলো আমাদের সামনে এসেছে, তাতে বাংলা তথা বাঙালির সম্মান নষ্ট হয়েছে। আমার, আপনার প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে রয়েছেন।’

তিনি জানান, পশ্চিমবঙ্গে মেধার ভিত্তিতে যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের সঙ্গে আমরা আছি, কিন্তু যাঁরা অর্থের বিনিময়ে চাকরি পেয়েছেন, তাঁদের আজ না হয় কাল চাকরি যাবেই।

নিজের এক্স হ্যান্ডেলে সেই ছবি শেয়ার করে সুকান্ত লেখেন, ‘প্রবীণ বিজেপি নেতা দিলীপ ঘোষের কাছ থেকে আশীর্বাদ নিলাম। নিজেকে ধন্য মনে করছি। শিক্ষাক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখানো পথে কাজ করার জন্য সচেষ্ট থাকব।’