মর্মান্তিক! ১৫০ ফুট নিচে পড়ল তীর্থযাত্রীদের বাস, নিহত ২১ জন

জম্মুতে তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস খাদে পড়ে নিহত হয়েছে অন্তত ২১ জন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৪৭ জন। তাদের অনেকের অবস্থা গুরুতর।
বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১২টা ৩৫ মিনিটে জম্মু জেলার আখনুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, উত্তর প্রদেশ থেকে যাত্রা শুরু করে বাসটি হরিয়ানার কুরুক্ষেত্র থেকে ভক্তদের নিয়ে জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার পুউনি এলাকার শিব খোরির দিকে যাচ্ছিল। জম্মু জেলার চৌকি চোরা বেল্টের টুঙ্গি-মোড়ে পুঞ্চ এলাকায় জম্মু-রাজৌরি মহাসড়ক থেকে ছিটকে প্রায় ১৫০ ফুট নিচের খাদে পড়ে যায়।
আহত যাত্রীরা জানান, বাসচালক মহাসড়কে একটি বাঁক পার হওয়ার সময় বিপরীত দিক থেকে দ্রুতগামী গাড়ি আসায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থল পরিদর্শন করে এ দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর (এলজি) মনোজ সিনহা। উদ্ধার তৎপরতা চলছে বলেও জানিয়েছেন তিনি।
পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, আহতদের মধ্যে ৭ জনকে আখনুর হাসপাতালে এবং ৪০ জনকে জম্মুর সরকারি মেডিকেল কলেজ (জিএমসি) হাসপাতালে ভর্তি করা হয়েছে।