ফুঁসছে দিঘার সমুদ্র, কোথায় অবস্থান করছে সাইক্লোন ‘রিমেল’? জেনেনিন LIVE স্টেটাস

শনিবার থেকেই দিঘার সমুদ্র উত্তাল। শুরু হয়েছে জলোচ্ছ্বাস। সমুদ্র থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে পর্যটকদের। উপকূলের জেলাগুলিতে চলছে মাইকিং। ইয়াস, বুলবুল, ফণির ভয়াবহ হামলার ক্ষতচিহ্ন মনে করে আতঙ্কিত জেলার মানুষ।
প্রশাসন স্পষ্ট করে জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় যাবতীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় রিমেল। সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটকদের সচেতন করার জন্য মাইকিং শুরু হয়েছে। শনিবার থেকে রিমেল ক্রমশ উপকূলের দিকে ধেয়ে আসছে। বছরের এই প্রথম ঘূর্ণিঝড়ের সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে উপকূলবর্তী জেলাগুলিতে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলায় কমলা সতর্কতা জারি রয়েছে।
দিঘা হোটেলগুলিতে পর্যটকদের সংখ্যা হাতে গোণা। কেউ যাতে কোনওভাবেই সমুদ্র থেকে নিরাপদ দূরত্ব পার না করে সেই জন্য করা হচ্ছে মাইকিং।
রিমেল বাংলাদেশের খেপুপাড়া এবং সাগর দ্বীপের মাঝে ল্যান্ডফল করতে পারে। উত্তর বঙ্গোপসাগরে তীব্র ঘূর্ণিঝড় রূপে তা অবস্থান করছে।
এই সাইক্লোনের প্রভাবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে, পূর্ব মেদিনীপুর জেলায় রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেখানে ঘণ্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ইতিমধ্যেই মৎসজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত তাদের সমুদ্রে যাওয়ার উপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।
ঘূর্ণিঝড় মোকাবিলায় উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেছে নবান্ন।
লালবাজারে ইতিমধ্যেই কন্ট্রোল রুম চালু করা হয়েছে। পাশাপাশি কলকাতা পুরসভার পক্ষ থেকেও পরিস্থিতি মোকাবিলায় যাবতীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।