‘আমার ছেলে নির্দোষ’, কান্নায় ভেঙে পড়লেন পুনে পোর্শেকাণ্ডের নাবালকের মা

পুনেতে গত ১৯ মে বিলাসবহুল গাড়ি দুই আইটি কর্মীকে ধাক্কা মেরে হত্যার ঘটনায় নতুন মোড়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও নিয়ে তৈরি হয়েছিল বিভ্রান্তি। ভিডিওতে দেখা যাচ্ছে, পানশালা থেকে বেরিয়ে বিলাসবহুল গাড়িতে উঠছে ১৭ বছরের ওই নাবালক। গাড়িটি একটি মোটরবাইকে ধাক্কা মারছে।

পুনে পুলিশ জানিয়েছে, এই ভিডিওটি সম্পূর্ণ ফেক। এর সাথে পুনে পোর্শেকাণ্ডের নাবালকের কোনও সম্পর্ক নেই। পরবর্তীতে জানা যায়, এটি ছিল একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের বানানো ভিডিও।

এই ভিডিয়ো প্রসঙ্গে নাবালকের মা বলেন, ‘আমার ছেলের কোনও দোষ নেই। যে ভিডিয়ো দেখানো হচ্ছে, সেটি ভুয়ো।’যে ভিডিয়োটি ঘুরে বেড়াচ্ছে সেটি আমার ছেলের নয়। এটি সম্পূর্ণ ভুয়ো। আমার ছেলে ডিটেনশন সেন্টারে রয়েছে।’ পুলিশের কাছে তিনি আর্জি জানিয়েছেন, ‘দয়া করে আমার ছেলেকে সুরক্ষিত রাখুন।’

শনিবার সকালে পুনে ক্রাইম ব্রাঞ্চ অভিযুক্ত নাবালকের দাদুকে গ্রেফতার করে। বাড়ির গাড়িচালককে হুমকি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। CBI সূত্রে খবর, নাবালকের দাদুর সাথে আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা রাজনের যোগসাজশ ছিল।

অভিযোগ, সুরেন্দ্র আগরওয়াল নামে নাবালকের দাদা ড্রাইভার গঙ্গারামকে অনীশ আওয়াধিয়া এবং অশ্বিনী কোস্তাকে গাড়ি চাপা দেওয়ার দায় ঘাড়ে নেওয়ার জন্য চাপ দিয়েছিলেন। গত ১৯ মে পুনেতে বিলাসবহুল এই গাড়ির ধাক্কায় দুই আইটি কর্মীর মৃত্যু হয়।

এই ঘটনায় এখনও তদন্ত চলছে। নাবালকের দাদুর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে তা এখনও স্পষ্ট নয়।