‘সানসেট টু সানরাইজ’, রেভ পার্টিতে মাদকের ফোয়ারা, অভিনেত্রী সহ ১০৪ জনের বিরুদ্ধে মামলা

চলতি সপ্তাহের শুরুতে বেঙ্গালুরুর বাইরে একটি ফার্মহাউসে ‘সানসেট টু সানরাইজ ভিকট্রি’ নামে একটি রেভ পার্টি চলছিল বলে খবর পেয়ে হানা দেয় পুলিশ।

পার্টিতে হাজির ছিলেন অন্ধ্রপ্রদেশ ও কর্নাটকের বেশ কিছু উচ্চপ্রোফাইল ব্যক্তি। এর মধ্যে অভিনেতা-অভিনেত্রীও ছিলেন। পুলিশ দুই তেলুগু অভিনেত্রী হেমা ও আশি রয়কে আটক করে।

রেভ পার্টিতে ‘নেশায় না করা যাবে না’ এই শর্ত ছিল। কিন্তু পুলিশের অভিযানে বেরিয়ে আসে অন্য চিত্র।

পার্টিতে উপস্থিত ১০৪ জনের রক্ত পরীক্ষা করা হয়। বৃহস্পতিবার বেঙ্গালুরু পুলিশ জানায়, অভিনেত্রী হেমা সহ মোট ৮৬ জনের রক্তের নমুনায় মাদক পাওয়া গিয়েছে।

পুলিশ জানিয়েছে, রেভ পার্টিতে হাজির অধিকাংশ অতিথিই মাদক সেবন করেছিলেন। তাদের মেডিক্যাল টেস্ট করায় দেখা যায়, ৫৯ জন পুরুষ ও ২৭ জন মহিলার রক্তে মাদকের উপস্থিতি রয়েছে।

রেভ পার্টি থেকে পুলিশ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে। এর মধ্যে রয়েছে এমডিএমএ পিল, এমডিএমএ ক্রিস্টাল, হাইড্রো ক্যানাবিস, কোকেন ইত্যাদি।

এই ঘটনায় ১০৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ তাদের সকলকে নোটিস পাঠাবে।

এই ঘটনা রাজ্যে মাদকের অপব্যবহার নিয়ে আবারও প্রশ্ন তুলে ধরেছে।