“পৃথিবীর কোনও সভ্য দেশে এটা ভাবা যায় না”- দূষণ জেনেও প্রচার হচ্ছে ভিনাইল ফ্লেক্স-ই

নির্বাচনের সময় রাজনৈতিক প্রচার যেন পরিবেশ দূষণের কারণ না-হয়ে দাঁড়ায় – এই আহ্বানে অনেকেই সহমত পোষণ করলেও, বাস্তবতায় চিত্র ভিন্ন। খরচ বাঁচাতে অনেক রাজনৈতিক দলই পরিবেশবান্ধব বিকল্পের পরিবর্তে পলিভিনাইলের ব্যানার ও ফ্লেক্স ব্যবহার করছে।

পলিভিনাইল প্লাস্টিক দীর্ঘস্থায়ী এবং পরিবেশে বিযুক্ত হতে অনেক সময় লাগে।ব্যানার ও ফ্লেক্স তৈরিতে ব্যবহৃত রাসায়নিক পদার্থ মাটি ও জল দূষিত করে।
প্রচারণার সময় ব্যবহৃত বিদ্যুৎ বিপুল পরিমাণে কার্বন নির্গমন ঘটায়।

পরিবেশকর্মী সুভাষ দত্ত বিরক্ত— ‘আমাদের দেশে কোনও রাজনৈতিক দলের নির্বাচনী অ্যাজেন্ডায় পরিবেশরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কোনও বক্তব্য নেই। পৃথিবীর কোনও সভ্য দেশে এটা ভাবা যায় না।’

পরিবেশবিজ্ঞানী স্বাতী নন্দী চক্রবর্তী বলছেন, ‘পরিবেশরক্ষা একটা সচেতনতার বিষয়। যতক্ষণ না নিজে থেকে কেউ এর গুরুত্ব উপলব্ধি করছেন, ততক্ষণ তাঁর কাছে বিষয়টা নিতান্তই হেলাফেলার।’

ফ্লেক্স ও ব্যানার ছাপা প্রসঙ্গে বউবাজার চত্বরের ব্যবসায়ী সমীর গুণিন বলছেন, ‘পলিভিনাইল ছাড়াও এই ফ্লেক্স বিশেষ এক ধরনের পরিবেশবান্ধব ফ্যাব্রিকের উপর তৈরি করা যায়। পলিভিনাইলে প্রতি বর্গফুটের খরচ পড়ে সাড়ে পাঁচ-ছ’টাকা। তবে ফ্যাব্রিকের খরচ অনেকটা বেশি— প্রতি বর্গফুটে প্রায় ১৫ টাকা। আমাদের কাছে ফ্যাব্রিকের অর্ডার আসে না বললেই চলে।’