একের পর এক শহর হারাচ্ছে ইউক্রেন, এবার সিভারস্ক শহরে ঢুকেছে রুশ সেনারা

রাশিয়া–ইউক্রেন যুদ্ধের পাঁচ মাস চলছে। তুমুল লড়াই আর প্রাণহানির মধ্য ইউক্রেনের অনেক শহর রাশিয়া দখলে নিয়েছে। একের পর এক শহর হারাচ্ছে পশ্চিমা বিশ্বের নানা সহায়তা পাওয়া ইউক্রেন। এবার রাশিয়া ইউক্রেনের সিভারস্ক শহরে প্রবেশ করেছে।

আল–জাজিরার খবরে বলা হয়েছে, রুশ বাহিনী ও রাশিয়ার হয়ে যুদ্ধ করা সেনারা ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের সিভারস্ক শহরে প্রবেশ করেছে। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস স্থানীয় সময় বুধবারের এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে।

কিন্তু ইউক্রেনের সামরিক বাহিনী তাদের প্রাত্যহিক সান্ধ্যকালীন সংবাদ ব্রিফিংয়ে বলেছে, ফ্রন্ট লাইনে রাশিয়া নতুন করে কোনো হামলা চালায়নি। এর মধ্যে সিভারস্কও রয়েছে। তবে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, সিভারস্কে কামান দিয়ে হামলা চালানো হয়েছে।

এদিকে তাসের প্রতিবেদনে লুহানস্ক পিপলস রিপাবলিকের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে সিভারস্কে রুশ সেনা প্রবেশের খবর দেওয়া হয়েছে। পূর্ব ইউক্রেনের দনবাসে যে দুটি স্বঘোষিত প্রজাতন্ত্র রয়েছে, তার একটি লুহানস্ক।

ভিটালির কিসেলভ নামে লুহানস্ক প্রজাতন্ত্রের ওই কর্মকর্তা দাবি করেন, কয়েক দিনের মধ্যে রুশ সেনাদের হাতে সিভারস্কের পতন হতে পারে। কিন্তু কিসের ভিত্তিতে তিনি এ দাবি করেছেন, তা স্পষ্ট নয়।

যুক্তরাষ্ট্রভিত্তিক চিন্তন প্রতিষ্ঠান দ্য ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার বলেছে, সিভারস্কের কাছে কামান হামলা অব্যাহত রেখেছে রুশ সেনারা। কিন্তু বুধবার ওই এলাকায় স্থলপথে কোনো হামলা চালায়নি তাঁরা।

এ ছাড়া প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, রাশিয়ার সামরিক অভিযান নিয়ে মন্তব্য করার মতো বিশ্বস্ত কোনো ব্যক্তি নন ভিটালি কিসোলভ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *