সুন্দরবনে মৎস্যজীবীদের জালে উঠল বিশাল চাকুল, জেনেনিন দাম কত?

এলাকার মৎস্যজীবীদের জালে ধরা পড়েছে এক অসাধারণ আকারের মাছ। হিঙ্গলগঞ্জের মৎস্য আড়তে নিয়ে যাওয়ার পর ওজন করে দেখা যায়, মাছটির ওজন ৮১ কেজি!

প্রায় ৫ হাত লম্বা এবং ৪ হাত চওড়া এই বিশাল মাছটি স্থানীয়দের কাছে বেশ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এত বড় মাছ এলাকায় খুব একটা দেখা যায় না।

মৎস্যজীবীরা জানান, তারা যখন নদীতে জাল ফেলেছিলেন, তখন টান অনুভব করে বুঝতে পারেন যে, এটি কোন সাধারণ মাছ নয়। অনেক কষ্টে তারা মাছটিকে তীরে তুলতে সক্ষম হন।

এই বিশাল মাছটি ৩৫০ টাকা কেজিতে বিক্রি হয়, যার ফলে মোট দাম দাঁড়ায় ২৮ হাজার ৩৫০ টাকা।

অবশ্যই, এত বড় মাছ ধরে মৎস্যজীবীদের মুখে হাসি ফুটেছে।

এক মৎস্যজীবীর কথায়, ‘এই ধরনের মাছ এখন আর জালে ওঠে না। চাকুল মাছ বিলুপ্ত প্রায়। এদিন ভাগ্য প্রসন্ন ছিল। তাই মাছটি ধরা দিয়েছে জালে। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের একটা কৌতুহল তো ছিল ঠিকই। স্বাভাবিকভাবেই এদিন ভিড় করেন সাধারণ মানুষ। মৎস্যজীবীরা জীবনের ঝুঁকি নিয়ে যান মাছ ধরতে। এই সময় সেভাবে লাভও হচ্ছিল না। কিন্তু, সংসারের দায়িত্ব সকলের রয়েছে। এই মাছ বেশ ভালো টাকায় বিক্রি হওয়ায় অনেকেই লাভের মুখ দেখেছেন।’

তাঁদের কথায়, ‘এই ধরনের একটা মাছ জালে উঠলেই সারাদিনের পরিশ্রম সার্থক হয়। দুটো পয়সার মুখ দেখতে পাই।’

এক ক্রেতা বলেন, ‘চাকুল মাছ সাধারণত পাওয়া যায় না। ফলে এই মাছ দেখার জন্য অনেকে ভিড় জমিয়েছেন। একই সঙ্গে মাছটির দাম রুইয়ের থেকে সামান্য বেশি। কিন্তু, কবে তা আর বাজারে পাব জানি না। তাই অত সাতপাঁচ না ভেবে কিনেই ফেললাম।’