OMG! বাজি কারখানায় আবার বিস্ফোরণ, মৃত অন্তত ১১ জন

তামিলনাড়ুতে আতশবাজির একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ১২ জন।
বৃহস্পতিবার (৯ মে) ভিরুধুনাগার জেলার শিবকাশী শহরের কাছে অবস্থিত একটি আতশবাজি কারখানায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
স্থানীয় পুলিশ জানিয়েছে, আতশবাজি তৈরির ওই কারখানার বৈধ লাইসেন্স ছিল।
পুলিশ বলেছে, ঠিক কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা জানতে এরইমধ্যে তদন্ত শুরু হয়েছে। আহতদের উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।
ভারতের আতশবাজি উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত শিবকাশী। আতশবাজি, দিয়াশলাই ও স্টেশনারি পণ্যের মোট উৎপাদনের সিংহভাগ হয় শিবকাশীতে।
স্থানীয়রা জানান, বিস্ফোরণের জেরে বাজি কারখানায় দাউদাউ করে আগুন ধরে যায়। পুরো কারখানাই ভস্মীভূত হয়ে গেছে। স্থানীয় এক বাসিন্দা জানান, হঠাৎই জোরালো বিস্ফোরণের আওয়াজ শুনতে পান তাঁরা। বিস্ফোরণের জেরে আশাপাশের বেশ কয়েকটি বাড়ির জানলার কাচ ভেঙে গিয়েছে। আতঙ্কে সকলে বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন। তখন তাঁরা দেখেন, বাজি কারখানায় আগুন জ্বলছে। বেশ কয়েকটি ঝলসানো দেহ ছড়িয়ে পড়ে রয়েছে।