দেবের সভায় চেয়ার ছোড়াছুড়ি, রায়গঞ্জে অর্ধসমাপ্ত রোড শো, হুলুস্থল নির্বাচনী প্রচারে

মঙ্গলবার বিকেলে সাংসদ-অভিনেতা দেবের নির্বাচনী সভায় চেয়ার ছোড়াছুড়ি ও হুলুস্থুলকাণ্ডের ঘটনা ঘটেছে। কুশমণ্ডি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এই সভায় দেবকে দেখতে এলাকাবাসীর ভিড় ছিল প্রচুর। দীর্ঘক্ষণ অপেক্ষার পর দেব যখন বক্তব্য দিতে ওঠেন, তখনই একদল যুবক চেয়ার ছুড়ে মারতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দেব হতবাক ও বিব্রত হয়ে পড়েন।
তৃণমূল নেতার হস্তক্ষেপ:
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল মাইক হাতে এগিয়ে আসেন এবং দলীয় সমর্থকদের শান্ত করার চেষ্টা করেন। দীর্ঘক্ষণ চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
দেবের বক্তব্য:
হুলুস্থুলের পর দেব তার বক্তব্যে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, “আমি কোনোদিন বিরোধীদের খারাপ কথা বলিনি। আমি বিশ্বাস করি, মানুষ নিজের কাজের মাধ্যমে ভোট পাবেন।” তিনি আরও বলেন, “যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তাদের কথা ভিন্ন। কিন্তু আমাদের রাজ্য সরকার কাজ করে মানুষের জন্য, শিশুদের জন্য, মানুষের ভবিষ্যতের কথা ভেবে। তাই ভোট জোড়াফুলেই দেবেন বলে বিশ্বাস রাখি। এই ভোট মন্দির, মসজিদ তৈরির জন্য নয়। যে হাসপাতাল গড়বে, যে স্কুল-কলেজ তৈরি করবে এই ভোট তাদের জন্য।”
রায়গঞ্জে রোড শো বন্ধ:
এদিন দেবের রোড শো নিয়ে হতাশ রায়গঞ্জ। রোড শো ঘিরে চরম উন্মাদনা ছিল শহরে। কিন্তু আশা টকিজ মোড় এলাকায় তাঁর রোড শো বন্ধ করে দেওয়া হয়। রোড শো শেষ না করেই দেব কুশমণ্ডির উদ্দেশে রওনা দেন। প্রচুর মানুষ তাঁকে দেখতে না পেয়ে হতাশ হন।