ট্রেনে কাটা পড়া মরদেহ উদ্ধার করা ছিল কাজ, মৃত্যুও হলো ট্রেনে কাটা পড়েই!

ট্রেন দুর্ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোই ছিল তাঁর কাজ। এ ছাড়া ট্রেন দুর্ঘটনার বিষয়েও গণমাধ্যমে খবর পাঠাতেন, সতর্ক করতেন দেশবাসীকে। সারা জীবন ট্রেন ও রেললাইনের ঘটনা নিয়ে কাজ করা ব্যক্তি নিজেই মারা গেলেন ট্রেনের নিচে কাটা পড়ে।

ঘটনাটি ভারতের হরিয়ানা রাজ্যে। নিহত ব্যক্তির নাম ঈশ্বর সিং। তিনি দেশটির রেল পুলিশের সাব-ইনস্পেক্টর পদে চাকরি করতেন। ৩২ বছর ধরে হরিয়ানার পানিপথ জিআরপিতে কর্মরত ছিলেন তিনি।

ট্রেনে কাটা পড়লে যে ঈশ্বর সিং যেতেন সে মরদেহ উদ্ধারে। ভাগ্যের কী নির্মম পরিহাস, এবার রেললাইন থেকে তাঁর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর ঘটনা ঘটল।

নিহতের পরিবার সূত্রে খবর—প্রতিদিনের মতোই গত শুক্রবার সকাল ৭টায় কাজে গিয়েছিলেন ঈশ্বর সিং। এরপরেই খবর আসে স্টেশন থেকে ৫০০ মিটার দূরে রেললাইনের ওপর এক যুবকের মরদেহ পড়ে আছে। সে খবর পেয়ে ঈশ্বর ঘটনাস্থলে যান।

তারপর যুবকের মরদেহ অ্যাম্বুল্যান্সে তুলে মর্গের উদ্দেশে যাওয়ার পথে রেললাইন পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রেন এসে তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ঈশ্বর সিংয়ের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *