BigNews: রামনবমীর দিন দাঙ্গার সম্ভাবনা, সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা

কোচবিহারের রাসমেলা ময়দানে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বলেন, ‘এখানকার বিজেপি (BJP) প্রার্থী গুণ্ডাদের মাফিয়া। আগেরবারের শীতলকুচির মতো আবার গুলি চালিয়ে দেবে। ১৭ তারিখ ওদের হিংসা করার দিন। সকলকে বলছি, গালাগালি দিলেও মাথা ঠান্ডা করে আল্লাকে ডাকবেন। প্ররোচনায় পা দেবেন না।’

বিজেপিকে নিশানা করে মমতা বলেন, ‘বিজেপি মাফিয়ার দল, গুন্ডার দল’। ‘বিজেপি হিংসা করে।’ তৃণমূলকে (TMC) দুর্নীতিবাজ বলা হয়। ‘বিজেপি সবথেকে বড় দুর্নীতির দল।’ এদিন ফের একবার কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ শোনা যায় মমতার কথায়। বলেন, ‘৩ বছরে ১০০ দিনের কাজের টাকা দেয় না।’

মমতা বলেন, ‘ইস্তাহারে দেখলেন তো, আমি যা বলেছিলাম তাই হল। আমি আগে বলি, পরে সবাই সেটা বলে। ইউনিফর্ম সিভিল কোড ইস্তাহারে রেখেছে। দেশ তো বেচে দিচ্ছে। তপসিলিদের কোনও পরিচয় থাকবে না। আদিবাসীদের অধিকার থাকবে না।’

মমতার কটাক্ষ, ‘ওঁরা বলছেন স্বনির্ভর গোষ্ঠীর লোন বাড়াবেন। টাকাই তো দেন না। লোন বাড়াবেন কী করে? আমাদের স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা ৯০ লাখ। স্কুলের পোশাক তারাই তৈরি করে। এই গোষ্ঠীর জন্য আগামীতে বড় বাজার তৈরি করে দেব। ওরা নিজে রোজগার করবে।’