Srilanka: গোটাবায়া রাজাপাকসের দেশ ছেড়ে পালানোর গুঞ্জন, জেনেনিন সর্বশেষ খবর

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসেকে গতকাল সোমবার বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরের কাছের একটি বিমানঘাঁটিতে নেওয়া হয়। এরপর এদিন রাতেই তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গেছেন বলে গুঞ্জন উঠেছে।

গত শনিবার হাজার হাজার সরকারবিরোধী বিক্ষোভকারী কলম্বোয় শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সরকারি বাসভবন টেম্পল ট্রিতে ঢোকেন। এর কিছুক্ষণ আগেই নৌবাহিনীর তত্ত্বাবধানে প্রেসিডেন্টের প্রাসাদ ছেড়ে পালান গোটাবায়া রাজাপাকসে।

বিক্ষোভকারীরা টেম্পল ট্রিতে ঢোকার কয়েক ঘণ্টা পর শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে ঘোষণা দেন, ‘শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে’ প্রেসিডেন্ট গোটাবায়া বুধবার (১৩ জুলাই) পদত্যাগ করবেন বলে জানিয়েছেন।

শ্রীলঙ্কার একজন নেতৃস্থানীয় প্রতিরক্ষা কর্মকর্তা এএফপিকে বলেছেন, ৭৩ বছর বয়সি গোটাবায়া প্রথমে নৌবাহিনীর একটি স্থাপনায় আশ্রয় নিয়েছিলেন। পরে তাঁকে কাতুনায়েকে বিমানঘাঁটিতে নেওয়া হয়। কাতুনায়েক বিমানঘাঁটি শ্রীলঙ্কার প্রধান বিমানবন্দর বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরের পাশেই অবস্থিত।

শ্রীলঙ্কার নেতৃস্থানীয় ওই প্রতিরক্ষা কর্মকর্তা আরও জানিয়েছেন, ‘গোটাবায়া ও তাঁর অনুগত আরও কিছু লোকজন দুটি ছোট উড়োজাহাজে আবার কলম্বো ফিরেছেন।’

তবে, গোটাবায়া রাজাপাকসে কোথায় আছেন সে সম্পর্কে প্রেসিডেন্টের কার্যালয় থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। কিন্তু স্থানীয় একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, সোমবার দিনগত রাতে গোটাবায়ার দুবাই যাওয়ার কথা।

গত শনিবার শত শত বিক্ষোভকারী কলম্বোর কেন্দ্রস্থলে প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের সরকারি বাসভবনে ঢোকে। বিক্ষোভকারীদের আরেকটি দল প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের ব্যক্তিগত বাড়িতে ঢুকে তাতে আগুন ধরিয়ে দেয়।

শ্রীলঙ্কার পার্লামেন্ট ২০ জুলাই নতুন প্রেসিডেন্ট নির্বাচন করবে। পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে এক বিবৃতিতে বলেছেন, শুক্রবার (১৫ জুলাই) পার্লামেন্ট ফের অধিবেশনে বসার পাঁচ দিন পর নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *