ভারতের জাতীয় পতাকার অবমাননা, ফের বিতর্কের মুখে মালদ্বীপের মন্ত্রী, চাইলেন ক্ষমা

মালদ্বীপের প্রাক্তন মন্ত্রী মারিয়ম শিউনার বিরুদ্ধে ভারতের জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠেছে। মালদ্বীপে আসন্ন নির্বাচনী প্রচারে বিরোধী দল এমডিপি-কে আক্রমণ করতে গিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় একটি বিকৃত প্রতীকের ছবি পোস্ট করেন।

পোস্টে এমডিপি’র প্রতীকের বদলে ভারতের জাতীয় পতাকার ‘অশোকচক্র’-এর মতো দেখতে একটি আকৃতি ছিল। পোস্টটি ভাইরাল হতেই মারিয়ম বিতর্কের মুখে পড়েন। মালদ্বীপের পাশাপাশি ভারত থেকেও ওই মন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপের দাবি ওঠে।

পরবর্তীতে সেই পোস্ট ডিলিট করে মারিয়ম ক্ষমা চান। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “আমার একটি সাম্প্রতিক পোস্ট ঘিরে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। এমডিপিকে নিয়ে আমার পোস্ট করা ছবির সঙ্গে ভারতের জাতীয় পতাকার মিল রয়েছে তা আমি পরে জানতে পেরেছি। আমি এটুকু পরিষ্কার করে দিতে চাই, এটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত। আগামী দিনে এমন কোনও পোস্ট করার আগে অবশ্যই সতর্ক থাকব।”