মায়াপুরে ইসকনে মাহুতকেই পিষে মারল হাতি, মন্দির চত্বরে তীব্র চাঞ্চল্য

মায়াপুর ইসকনের হাতিশালায় শনিবার রাতে হাতির আক্রমণে এক মাহুতের মৃত্যু এবং অন্য আহত হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
মৃত মাহুতের নাম সমুদ্র রাভা। বয়স আনুমানিক ২৭ বছর। তার বাড়ি অসমের কামরূপ জেলার ডুলিয়া গ্রামে।
সূত্রের খবর, শনিবার রাতে হাতিকে খাবার দিতে গিয়েই এই ঘটনা ঘটে। ঘটনার পর মাহুতকে নিয়ে যাওয়া হয় স্থানীয় মায়াপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাহুতকে মৃত বলে ঘোষণা করে।
ঘটনায় অন্য আরও একজন মাহুত আহত হয়ে চিকিৎসাধীন মায়াপুরের বেসরকারি হাসপাতালে।
জানা গিয়েছে, রাতে হাতিকে খাবার দিতে যান সমুদ্র রাভা। সেই সময়ই মাহুতকে পিলারে পিষে দেয় মায়াপুর ইসকনের একটি ছোট হাতি। হাতির এমন বেগতিক পরিস্থিতি দেখে অপর মাহুত উপর থেকে লাফ দেন। তাঁরও গুরুতর আঘাত লাগে।
মাহুতের মৃত্যুর বিষয় ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, “প্রতিদিনের মতো শনিবারও দু’টি হাতিকে ঘোরাতে নিয়ে আসে মাহুত। হাতিশালায় ফিরে গিয়ে হাতিকে খাবার দেওয়ার সময় হয়ত এমন ঘটনা ঘটেছে। ঘটনায় আরও একজন আহত আছেন। তাঁকে প্রথমে মায়াপুর কমিউনিটি হাসপাতাল, এবং সেখান থেকে কল্যাণী জেএনএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। মৃত মাহুতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত বলা যাবে না, ঠিক কী ভাবে মৃত্যু হয়েছে।”
এই বিষয়ে কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার উত্তম ঘোষ বলেন, “শনিবার রাতে মায়াপুরের হাতিশালায় শুঁড় দিয়ে হাতি চেপে দিয়েছে মাহুতকে। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। ঘটনায় আরও একজন মাহুত আহত হয়েছেন, তিনি চিকিৎসাধীন। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত জানা যাবে না ঠিক কী ভাবে মৃত্যু হল মাহুতের।”