কেমন আছেন সদগুরু? ব্রেন সার্জারির পর প্রকাশ্যে এলো ভিডিয়ো বার্তা, মোদী করলেন আরোগ্য কামনা

সদগুরু সম্প্রতি মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে প্রাণ সংশয়ের পরিস্থিতিতে ছিলেন। দিল্লির একটি নামী বেসরকারি হাসপাতালে তাঁর মস্তিষ্কের অস্ত্রোপচার করা হয়েছে।

সদগুরুর শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে।দ্রুত সুস্থ হয়ে উঠছেন তিনি।চিকিৎসকরা বলছেন, ভাবনার চেয়ে দ্রুত সুস্থ হয়ে উঠেছেন সদগুরু।

চিকিৎসার বিবরণ:
প্রায় চার সপ্তাহ ধরে সদগুরু মাথার যন্ত্রণা অনুভব করছিলেন।৮ মার্চ শিবরাত্রির অনুষ্ঠানও মাথার যন্ত্রণা নিয়েই করেন।১৫ মার্চ যন্ত্রণা আরও বেড়ে মারাত্মক পর্যায়ে পৌঁছায়।তখনই চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করা হয়।এমআরআই-তে দেখা যায়, মাথায় তুমুল রক্তক্ষরণ হচ্ছে।অতিরিক্ত রক্তক্ষরণে মস্তিষ্ক ফুলে গিয়েছিল।
কয়েক ঘণ্টার মধ্যে অস্ত্রোপচার করা হয়।

সদগুরু একটি ভিডিও বার্তায় জানিয়েছেন, তিনি ভালো আছেন।শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়েছেন।দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরে আসার আশা প্রকাশ করেছেন।

সদগুরুর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘সদগুরু জি-র সঙ্গে কথা হয়েছে। ওঁর দ্রত আরোগ্য কামনা করছি।’

ভিডিও বার্তায় সকলকে আশ্বস্ত করে বলেন, ‘হাসপাতালের নিউরোসার্জেনরা আমার মাথায় কেটে কিছু খোঁজার চেষ্টা করেন। কিন্তু কিছুই খুঁজে পাননি তাঁরা।’ এই কথা বলেই হেসে ফেলেন সদগুরু। এরপর বলেন, ‘যখন চিকিৎসকরা দেখলেন আমার মাথা খালি, তখন আবার সেলাই করে দিলেন। সেলাই করা মাথা নিয়েই দিল্লিতে রয়েছি আমি। কিন্তু মস্তিষ্কে কোনও ক্ষতি হয়নি।’