BigNews: বাড়ি ভাঙার নির্দেশের ওপর কোনও স্থগিতাদেশ নয়, কড়া পদক্ষেপ নিলো হাইকোর্ট

গার্ডেনরিচ-এ নির্মীয়মান বহুতল ভেঙে মৃত্যু মিছিলের ঘটনার পর বেআইনি নির্মাণ-এর বিষয়ে কড়া অবস্থান নিয়েছে আদালত। বেআইনিভাবে নির্মিত অভিযোগে বাড়ি ভাঙার নির্দেশের উপর কোনও স্থগিতাদেশ নয়।

বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট করে বলেছেন, “বাড়ি ভাঙার নির্দেশ সংক্রান্ত কোন মামলাই শুনব না, যে আদালতই নির্দেশ দিক সেটাই থাকবে।” তিনি আরও বলেন, “আগে মানুষের জীবন সুরক্ষিত হোক, আদালত এই ধরনের মামলায় কোনও হস্তক্ষেপ করবে না।”

বিচারপতি সিনহার এজলাসে এই সংক্রান্ত তিনটি মামলার আবেদন করেন আইনজীবীরা। কিন্তু তিনটি মামলাই গ্রহণ করেননি বিচারপতি।

রবিবার রাতে কলকাতার গার্ডেনরিচ এলাকার একটি বহুতল ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান অনেক। উদ্ধার কাজ চলছে এখনও। ধ্বংসস্তূপের নীচে আরও কয়েকজনের আটকে থাকার আশঙ্কা। ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু। আহত হয়েছেন আরও অনেক।

মেয়র ফিরহাদ হাকিম জানিয়ে দিয়েছেন এই বিল্ডিংটি বেআইনিভাবে তৈরি করা হচ্ছিল। পুলিশকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে বেআইনি ওই বিল্ডিংয়ের প্রমোটারকে।

আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি উদ্ধারকার্য ধীর গতিতে হচ্ছে বলে অভিযোগ করেছেন। তিনি আরও বলেছেন, “শুধু প্রোমোটারকে গ্রেফতার করে মানুষকে ভোলান যাবে না, যারা এই অবৈধ কাজের সাথে যুক্ত তাদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে।”