চলন্ত গাড়িতে ভয়াবহ বজ্রপাত! ভাগ্যজোরে বাঁচলেন আরোহীরা

যুক্তরাষ্ট্রের দক্ষিণপূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ফ্লোরিডায় চলন্ত গাড়ির ওপর বজ্রপাত হয়েছে। আর সেই বজ্রপাতে গাড়ির ক্ষয়ক্ষতি হলেও অক্ষত রয়েছেন গাড়িটির ভেতরের সব যাত্রী।

অবিশ্বাস্য এই ঘটনাটি ঘটেছে গত ৬ জুলাই, যুক্তরাষ্ট্রের দক্ষিণপূর্বাঞ্চলীয় রাজ্য ফ্লোরিডায়।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, তিন সন্তানকে নিয়ে এক ব্যক্তি গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। তার পেছনে পৃথক একটি গাড়িতে ছিলেন তার স্ত্রী। তিনিও গাড়ি চালাচ্ছিলেন। বাইরে তখন ঝমঝমিয়ে বৃষ্টি ঝরছিল, মাঝেমধ্যেই শোনা যাচ্ছিল বজ্র-বিদ্যুতের গুরুগম্ভীর গর্জন।

হঠাৎ একসময় জোরাল মেঘের গর্জন শোনা যায়, তারপরই তীব্র আলোর ঝলকানি। গোটা দৃশ্য মোবাইলের ক্যামেরায় ধারণ করেন ওই ব্যক্তির স্ত্রী।

ভিডিওটি ধারণ করার সময়ই তিনি বুঝতে পারেন, সেই আলোর ঝলকানি ও মেঘের গর্জন ছিল বজ্রপাতের এবং সেই বাজ পড়েছে তারই স্বামীর গাড়িতে।

তড়িঘড়ি গাড়ি থেকে নেমে সামনের গাড়ির দিকে ছুটে যান তিনি। সেখানে গিয়ে দেখতে পান— বজ্রপাতে গাড়ির পেছনের অংশ পুড়ে গেলেও তার স্বামী ও সন্তানরা অক্ষত রয়েছে।

জানা গেছে, ওই নারীর নাম মিশেল মে ওয়ালহেম। ফক্স ওয়েদার-কে মিশেল বলেন, ‘আমরা রাস্তায় বেরোতেই ঝড় ওঠে। বিদ্যুৎও চমকাচ্ছিল। সেই বিদ্যুতের ছবি তোলার চেষ্টা করছিলাম। তখনই আমার স্বামীর গাড়ির উপর বাজ পড়ে।’

ভিডিও কন্টেন্ট শেয়ারিং মাধ্যম ইউটিউবে বজ্রপাতের সেই ভিডিওটি শেয়ার করেছেন মিশেল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *