“বাংলার জন্য প্রার্থী খুঁজে পাচ্ছে না…বিজেপি!”, অমিত শাহের ক্ষমতা দখলের জবাব তৃণমূলের

সোমবার থেকে গোটা দেশে কার্যকর হয়েছে সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন। এরপর থেকেই দেশজুড়ে তীব্র বিতর্কের ঝড় উঠেছে। বিরোধী দলগুলি একযোগে এই আইনের বিরোধিতা করছে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিএএ-র তীব্র সমালোচনা করেছেন। তিনি দাবি করেছেন, ‘সিএএ-র সঙ্গে এনআরসি-র সম্পর্ক রয়েছে।’ মমতা আরও স্পষ্ট করে বলেছেন, ‘বর্ণবৈষম্যের সিএএ আমি মানি না।’

মমতার এই বক্তব্যের জবাব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, ‘বিজেপি খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে। সেই দিন আর বেশি দূরে নেই। বিজেপি ক্ষমতায় এসে বাংলায় অনুপ্রবেশ বন্ধ করবে।’

এই প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, ‘অনুপ্রবেশ রোখার দায়িত্ব কেন্দ্রের। নিজেরা ব্যর্থ হয়েছে। সেই ব্যর্থতা থেকে নজর ঘোরাতে এই ধর্ম এবং বিভাজনের কথা বলছেন। অনুপ্রবেশ রুখতে অমিত শাহ ব্যর্থ হয়েছেন। তিনি অনুপ্রবেশ রুখতে পারেননি কেন? এখন এই বিভাজনের রাজনীতি করছে।’

তিনি বলেন, ‘বাংলার জন্য প্রার্থী পাচ্ছে না। এসমস্ত কথা লোকসভা ভোটের আগে ভোকাল টনিক। কিন্তু, আদতে কোনও লাভ হবে না।’

দেবাংশু ভট্টাচার্য অমিত শাহের মন্তব্যের পালটা বলেন, ‘BJP ক্ষমতায় আসবে এই কথাটা তিনি ২০২১ সালেও বলেছিলেন। কিন্তু, দেখা গিয়েছে ২০০-র কথা বলে ৭৭-এ আটকে গিয়েছেন। এই অবস্থা আবারও হবে ২০২৬-এ সেই গ্যারান্টি আমি দিতে পারি।’