SPORTS: ‘যোগ্য নন হার্দিক…’, মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব ইস্যুতে সরব হলেন যুবরাজ সিং

হার্দিক পান্ডিয়া চোট সারিয়ে অবশেষে ক্রিকেটে ফিরেছেন। IPL-এর আগে তিনি মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিয়ে নেটে প্রস্তুতি শুরু করে দিয়েছেন। কিন্তু ঘন ঘন চোট এবং জাতীয় দলের হয়ে ধারাবাহিক না খেলা নিয়ে তাকে সমালোচনার মুখে পড়তে হচ্ছে।
হার্দিকের বদলে রোহিত শর্মা সঠিক মুখ ছিল বলে মনে করছেন প্রাক্তন ক্রিকেটাররা। এবার এই তালিকায় যোগ দিলেন প্রাক্তন ভারতীয় তারকা যুবরাজ সিং।
স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন ভারতীয় তারকা যুবরাজ সিং মুখ খুললেন। তাঁর মতে, অধিনায়ক বদল এভাবে না করলেও পারত মুম্বই ইন্ডিয়ান্স। তিনি বলেন, ‘রোহিত শর্মা পাঁচবারের IPL জয়ী। অধিনায়ক হিসেবে ও সফল। ওকে সরানো একটা বড় সিদ্ধান্ত। আমি হলে অনেক পরে হার্দিককে নিয়ে সিদ্ধান্ত নিতাম। আমি রোহিতকে আরও একটা মরশুমের জন্য রাখতাম এবং হার্দিককে সহ অধিনায়ক করতাম। দেখতাম কীভাবে পুরো দল কাজ করে। তবে আমি ফ্র্যাঞ্চাইজির দিক থেকেও দেখছি, ওরা হার্দিকের মধ্যে ভবিষ্যৎ দেখতে পেয়েছে। কিন্তু, এটা মাথায় রাখতে হবে, রোহিত এখনও জাতীয় দলের অধিনায়ক এবং ও ভালো খেলছে। তাই এটা বড় সিদ্ধান্ত।’
প্রাক্তন ভারতীয় পেসার প্রবীণ কুমার হার্দিককে আক্রমণ করেছেন। তিনি বলেছেন, “IPL-এর দু’মাস আগে তুমি চোট পেয়ে গেলে, দেশের হয়ে খেললে না, রাজ্যের হয়ে ঘরোয়া ক্রিকেট খেললে না, সরাসরি IPL-এ ঢুকে গেলে। এভাবে তো আর চলতে পারে না। টাকা কামানোটা সমস্যার নয়, এতে দোষের কিছু নেই। তবে রাজ্য এবং দেশের জন্য খেলতে হবে IPL-কে শুধু গুরুত্ব না দিয়ে।”
হার্দিক টেস্ট ক্রিকেট খেলেন না এবং ODI-তেও তাকে কম দেখা যায়। বোর্ড কর্তারা তাকে নজরে রাখছেন, কিন্তু ঘরোয়া ক্রিকেটে লাল বলের ফর্ম্যাটে খেলার ব্যাপারে তার শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন রয়েছে।
হার্দিকের ভবিষ্যৎ নির্ভর করছে তার ফিটনেস এবং জাতীয় দলের হয়ে নিয়মিত খেলার উপর।